৩০ কিলোমিটারজুড়ে মৃত্যুফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরনদী থেকে উজিরপুর পর্যন্ত মহাসড়কের ৩০ কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শনিবার তোলা ছবি l প্রথম আলো
গৌরনদী থেকে উজিরপুর পর্যন্ত মহাসড়কের ৩০ কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শনিবার তোলা ছবি l প্রথম আলো

গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী। দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। গত কয়েক দিনের টানা বর্ষণে ঢাকা-বরিশাল মহাসড়কের এই অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। খানাখন্দে ভরা পুরোটাই। এতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই সড়কটি। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঘটছে দুর্ঘটনা।
বরিশাল বাস মালিক সমিতির সদস্য মো. আলমগীর হোসেন বলেন, ঈদ সামনে রেখে এই মহাসড়কে গাড়ির চাপ বাড়বে। তখনো এই অবস্থা বহাল থাকলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের বিভিন্ন জেলার সড়কপথে যোগাযোগের একমাত্র রাস্তা হচ্ছে এই মহাসড়ক। প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক এ সড়ক দিয়ে যাতায়াত করে। শিকারপুর ও দোয়ারিকা নদীর ওপর সেতু হওয়ার পর এ সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে বহুগুণ। কিন্তু সেই হিসেবে যে পরিমাণ প্রশস্ত ও উন্নত সড়ক প্রয়োজন ছিল তা করা হয়নি।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গৌরনদীর বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় পানিতে ডুবে গেছে মহাসড়ক। এ সময় গর্তে পড়ে সাগর আহম্মেদ নামে এক মোটরসাইকেল আরোহী দুই যাত্রী নিয়ে উল্টে খাদে পড়ে যান। এ দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়েন। একজন বলছিলেন, ‘সরকার আহে সরকার যায়, নেতাগো ভাগ্য বদলায় তয় মোগো বরিশাইল্লাগো রাস্তাটির কোনো উন্নতি অয় না।’
গৌরনদী পৌরসভার আশোকাঠি ব্রিজের উত্তর পাশে বন বিভাগের রেঞ্জ অফিস এলাকায় দেখা যায়, মহাসড়কে শত শত গর্ত। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ট্রাকযোগে মালামাল এনে ইট ও পাথর ভাঙা দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করছেন। সড়ক ও জনপথ বিভাগের কর্মী স্বপন কুমার দাস বলছিলেন, ‘জরুরিভিত্তিতে সড়ক স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।’
উজিরপুরের সানুহার ও বামরাইল এবং গৌরনদীর ইল্লা, তারাকুপি, সুন্দরদী, টরকী, কসবা, সাউদের খালপাড়, গয়নাঘাটা, বাটাজোর এলাকায়ও একই চিত্র দেখা গেছে। এসব এলাকায় রাস্তার মধ্যে শত শত গর্ত। বৃষ্টির পানিতে ডুবে যায় সেগুলো। ফলে খুবই সাবধানে ও ধীরে ধীরে চলাচল করছে যানবাহন। সৃষ্টি হচ্ছে যানজটের। বিকল হচ্ছে গাড়ি।
এসব ব্যাপারে জানতে চাইলে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিনের বৃষ্টিতে পিচ উঠে গিয়ে মহাসড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ভূরঘাটা, কটকস্থল, বার্থী, ইলা, সাউদের খালপাড়, টরকী, কসবা, গৌরনদী, দক্ষিণ বিজয়পুর, আশোকািঠ, হ্যালিপ্যাড, কাসেমাবাদ, বেজহার, মাহিলাড়া, বাটাজোর, বামরাইলসহ বিভিন্ন এলাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি এসব এলাকায় ১৭টি দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।
এ রুটে চলাচলকারী দূরপাল্লার বাসচালক মো. দেলোয়ার হোসেন, মো. মোতালেব হোসেন, কৃষ্ণ কান্ত দাসসহ আরও কয়েকজন বলেন, মহাসড়কের দুই পাশে সোল্ডারে মাটি না থাকায় কোনো গাড়ি পাস দিতে গেলেই দুর্ঘটনার কবলে পড়ছে। সওজ কর্তৃপক্ষকে জানানোর পরও সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
একতা ডিজিটাল ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি কাজী মুরাদ জানান, সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন সেসব গর্ত দেখা না যাওয়ায় মোটসাইকেল আরোহীরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন।
যোগাযোগ করা হলে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল বলেন, মহাসড়কে যানবাহন স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তা ছাড়া সোল্ডার ও কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করার জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।