৩০ কিলোমিটার সড়কের ১৭ কিলোমিটারই বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী-তালতলী ৩০ কিলোমিটার সড়কের প্রায় ১৭ কিলোমিটার সংস্কারের অভাবে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯১ সালের পর থেকে পর্যায়ক্রমে আমতলী-তালতলী রাস্তাটির কাজ করে। তিন বছর আগে পুরো অংশের কাজ সম্পন্ন হয়। রাস্তাঘাট নির্মাণের পর দীর্ঘদিনেও সংস্কার না করায় ও চলতি মৌসুমে উপর্যুপরি বর্ষার কারণে কচুপাত্রা বাজার থেকে তালতলী পর্যন্ত ১৭ কিলোমিটার যান চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।স্থানীয়রা জানান, রাস্তার ওই অংশ খারাপ হওয়ায় ঢাকা-তালতলীগামী পরিবহনগুলো তালতলীতে আসতে পারছে না। এসব বাস তালতলী থেকে ১০ কিলোমিটার দূরে কড়ইবাড়িয়া বাজার পর্যন্ত চলাচল করে। সেখান থেকে যাত্রীরা ভাড়ায়চালিত মোটরসাইকেল অথবা ভ্যানে করে তালতলীতে যাতায়াত করে। সরেজমিনে দেখা যায়, কচুপাত্রা বাজার থেকে তালতলী পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তার ইট, পাথর, সুরকি ও পিচ উঠে ধুয়েমুছে গেছে। দেখে বোঝার উপায় নেই, এখানে আগে পাকা রাস্তা ছিল। পুরো রাস্তায় সর্বত্র বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। দুর্ঘটনা এড়াতে এবং আন্তজেলা বাস চলাচল সচল রাখতে বাস মালিকেরা ইট, ইটের গুঁড়া ফেলে এসব গর্ত ও খানাখন্দ ভরাট করলেও অল্প বৃষ্টিতেই তা ধুয়ে গিয়ে আগের অবস্থায় ফিরে আসে। কড়ইবাড়িয়া স্লুইসগেট এলাকা ও তাড়িকাটা কালভার্টসংলগ্ন রাস্তার অর্ধেকটা পার্শ্ববর্তী খালে বিলীন হয়ে গেছে। ফলে এখানে রাস্তা সরু হয়ে যাওয়ায় গত দুই মাসে কমপক্ষে ১০টি দুর্ঘটনা ঘটেছে বলে এলাকার লোকজন জানান। এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায় সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে বলেন, আমতলী-তালতলী সড়কটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।