৩০ কিলোমিটারের ১৮ স্থান ঝুঁকিপূর্ণ, ভাঙনের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৪ নম্বর পোল্ডারে ৩০ কিলোমিটার বেড়িবাঁধের ১৮টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে বা উপচে ৬৬ গ্রামের প্রায় তিন হাজার চিংড়িঘের প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের দাবিতে স্থানীয় লোকজন গতকাল বৃহস্পতিবার আশাশুনির পুঁইজ্বালায় বাঁধের ওপর সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা মানববন্ধন করেছে। আশাশুনিতে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা যায়, ৪ নম্বর পোল্ডারের বাঁধের দৈর্ঘ্য ৮০ কিলোমিটার। গত বছর ঘূর্ণিঝড় আইলার আঘাতে এ বাঁধের ২৬ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জেলেখালী এলাকার একটি অংশ ভেঙেও যায়। গতকাল সরেজমিনে দেখা যায়, আশাশুনি সদর থেকে ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার বাঁধের বলাবাড়িয়া, কোলা, ঘোলা, হিজলিয়া, কাঁকড়াবুনিয়াসহ ১৮ স্থানে বাঁধ ভাঙনের মুখে পড়েছে। অনেক স্থানে বাঁধের উচ্চতা তিন-চার ফুটে নেমে এসেছে। জোয়ারের সময় খোলপেটুয়া নদীর পানি বাঁধের কানা পর্যন্ত উঠে যায়। কোথাও কোথাও উপচে যায়। স্থানীয় বকচর গ্রামের আবুল হোসেন, শংকর সানাসহ অনেকে জানান, এখন জোয়ারের সময় পানি আগের চেয়ে দু-তিন হাত বেশি উচ্চতায় উঠছে। সামনে বর্ষায় এ উচ্চতা আরও বাড়বে। এখনই বাঁধ ভাঙার উপক্রম হচ্ছে। তখন এ বাঁধ দিয়ে কোনো কাজ হবে না। চিংড়ি ব্যবসায়ী ইসলাম কবীর চৌধুরী জানান, বর্ষাকালের আগেই জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে বাঁধ ভেঙে যাবে। তিনি দ্রুত বাঁধ মেরামতের দাবি জানান।শ্রীউল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা জানান, স্থানীয় লোকজন কোথাও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কোথাও নিজেদের খরচে বাঁধ সংস্কার করছেন। ১৮-২০ স্থানের ঝুঁকিপূর্ণ বাঁধের কথা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। আশাশুনির উপবিভাগীয় প্রকৌশলী হেলালুর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তাঁর কার্যালয়ের এসও (সেকশন কর্মকর্তা) শাহিনুর রহমান জানান, আইলায় ওই এলাকার ২৬ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ সংস্কারে প্রায় তিন কোটি টাকা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। এক কোটির মতো টাকা পাওয়া গেছে। তা দিয়ে কিছু কাজ করা হয়েছে। কিছু স্থান সংস্কারের জন্য দরপত্র জমা নেওয়া হয়েছে।