৩০ কেজি চােলর স্থলে ১৯ কেজি বিতরণ
ভিজিডির চাল বিতরণের বিধি অনুযায়ী দুস্থ নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু দেওয়া হচ্ছে ১৯ কেজি করে। এ অনিয়মের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নে। ওই ইউনিয়ন পরিষদের প্রত্যেক কার্ডধারীকে প্রতি মাসে প্রায় ১১ কেজি চাল কম দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে গিয়ে দুই মাসের জন্য বরাদ্দ দেওয়া ৬০ কেজি চালের স্থলে ৩৮ কেজি করে চাল বিতরণের প্রমাণ পাওয়া গেছে। অবশ্য ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন ৪৮ কেজি করে চাল দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সরকারি গুদাম থেকে প্রতি বস্তা চাল ওজনে কম দেওয়া হয়। এ কারণে প্রশাসনের সঙ্গে কথা বলে ওজনে কিছু কম দেওয়া হচ্ছে।
ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, দিগদাইড় ইউনিয়নে ভিজিডি কার্ডধারীর সংখ্যা ১৩৫ জন। গত জুলাই এবং আগস্ট মাসের জন্য বরাদ্দ দেওয়া আট হাজার ১০০ কেজি চাল গত বুধবার উপজেলা খাদ্য গুদাম থেকে তোলেন দিগদাইড় ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন। গতকাল ইউপি কার্যালয়ে কার্ডধারীদের মাঝে দুই মাসের চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় ওই ইউনিয়নের তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) অনুপস্থিত ছিলেন।
সরেজমিনে গতকাল দুপুরে চাল বিতরণে অনিয়মের চিত্র দেখা গেছে। একাধিক কার্ডধারীর চাল পরিমাপ করে ৬০ কেজির স্থলে ৩৮ কেজি চাল পাওয়া গেছে।
ভাদেরা গ্রামের সুবিধাভোগী সুমন মিয়ার স্ত্রী তাসলিমা অভিযোগ করেন, ‘চাল পাওয়ার কথা ৬০ কেজি, পাইছি ৩৮ কেজি।’ একই অভিযোগ করেন দক্ষিণনগর গ্রামের ঝর্ণা আক্তারের স্বামী ছাইকুল মিয়া, ভাদেরা গ্রামের জীবন তালুকদারের স্ত্রী মুকুন্দ রানীসহ অনেকেই। দিগদাইড় ইউনিয়নের ভিজিডির চাল বিতরণ কার্যক্রম তদারকির দায়িত্ব পাওয়া কর্মকর্তা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শংকর চন্দ্র সরকারের সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল বিকেলে কথা হয়। তিনি বলেন, ‘সকাল থেকে আমি (তিনি) দিগদাইড় ইউনিয়ন পরিষদে ছিলাম। দুপুরে জরুরি সরকারি কাজে অফিসে চলে এসেছি।’ চাল কম দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘চেয়ারম্যান-মেম্বারগণ মিলে ওজনে কম দিচ্ছে, আমার কিছুই করার নাই।’
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘দুই মাসে ৪৮ কেজি করে চাল দেওয়া হয়েছে।’ ৬০ কেজির স্থলে ৪৮ কেজি চাল কেন দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি গুদাম থেকে প্রতি বস্তা চাল ওজনে কম দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে ওজনে কিছু কম দিয়ে চালের পরিমাণ সমন্বয় করছি।’
ইউএনও রাবেয়া আকতার ইউপি চেয়ারম্যানের সঙ্গে চাল কম দেওয়ার বিষয়ে কোনো কথা হয়নি বলে দাবি করেন। তিনি আরও বলেন, ভিজিডির চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই।