৩০ কেজির বস্তায় চাল বিতরণ না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিতরণের ক্ষেত্রে ওজনে কম দেওয়া ও অনিয়ম ঠেকাতে খাদ্য বিভাগ ৩০ কেজি চাল ধরে এমন বস্তায় চাল বিতরণ করার নিয়ম চালু করেছে। কিন্তু বরগুনায় এ ধরনের বস্তায় চাল বিতরণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
খাদ্য বিভাগের বরগুনা কার্যালয়ের একটি সূত্র জানায়, হতদরিদ্র লোকদের ১০ টাকা কেজির চাল বিতরণে বিভিন্ন স্থানে ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় গত নভেম্বর মাস থেকে ৩০ কেজি চাল ধরে এমন বস্তায় ভরে চাল বিতরণের সিদ্ধান্ত নেয় খাদ্য মন্ত্রণালয়। ‘শেখ হাসিনার বাংলাদেশ—ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগান লেখা এসব বস্তা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বরগুনায় পৌঁছায়। পরে তা জেলার অন্যান্য উপজেলার খাদ্যগুদামে পৌঁছে দেওয়া হয়। বরগুনা জেলায় এই কর্মসূচির আওতায় ৫৪ হাজার ৬১৮ জন সুবিধাভোগী রয়েছেন। এসব সুবিধাভোগীকে ৩০ কেজির বস্তায় চাল বিতরণের জন্য এক লাখ বস্তা পাঠানো হয়। প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব বস্তা বরগুনা সদর খাদ্যগুদামে সরবরাহ করে।
খাদ্য বিভাগের কর্মকর্তা সূত্রে জানা যায়, ১০ টাকা কেজি দরে প্রত্যেক উপকারভোগী প্রতি মাসে ৩০ কেজি চাল পাচ্ছেন। খাদ্য বিভাগের নির্ধারিত ডিলারদের কাছ থেকে এসব চাল উপকারভোগীরা কিনে নেন। এত দিন সংশ্লিষ্ট উপজেলা খাদ্যগুদাম থেকে ৫০ কেজির বস্তার চাল ডিলারদের সরবরাহ করা হতো। সেসব বস্তা ভেঙে ডিলাররা ৩০ কেজি করে চাল সুবিধাভোগীদের বিতরণ করতেন। কিন্তু সেখানে সুবিধাভোগীরা ৩০ কেজি চাল পান না—এমন অনিয়মের কারণে নভেম্বর মাস থেকে প্রত্যেক সুবিধাভোগীর জন্য ৩০ কেজির আলাদা বস্তায় চাল সরবরাহ করার পদক্ষেপ নেওয়া হয়। এ জন্য সরকার বস্তা ভর্তি করা ও মুখ সেলাই করার জন্য বস্তাপ্রতি ১ টাকা বরাদ্দ দেয়।
গত ২৮ নভেম্বর সরেজমিনে বরগুনা সদরের কয়েকজন ডিলারের দোকান ঘুরে দেখা গেছে, কোথাও এসব বস্তায় ভরে উপকারভোগীদের চাল বিতরণ করা হয়নি। এ সময় কয়েকজন উপকারভোগী অভিযোগ করেন, ৩০ কেজির নতুন বস্তায় চাল সরবরাহ করলে খাদ্য বিভাগের কর্মকর্তারা ওজনে কম দিতে পারবেন না—এ জন্যই তা দিতে বিলম্ব করছেন। বর্তমানে ৩০ কেজি চালে ক্রেতারা কোথাও ২৯ কেজি, আবার কোথাও সাড়ে ২৮ কেজি করে পাচ্ছেন বলেও জানান তাঁরা।
বরগুনা সদরের এসব ডিলারের দোকানে গিয়ে দেখা যায়, ডিলাররা ৫০ কেজির বস্তা ভেঙে ওজন দিয়ে চাল বিক্রি করছেন। উপকারভোগীরা নিজেদের নিয়ে আসা বস্তায় করে সেসব চাল নিয়ে যাচ্ছেন।
সদরের বদরখালি ইউনিয়নের ফুলতলা এলাকার ডিলার কালাম খানের দোকানে গিয়ে দেখা যায়, উপকারভোগীরা চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। ডিলার কালাম খান হতদরিদ্র ব্যক্তিদের সই এবং টাকা রেখে কার্ডধারীদের ওজন দিয়ে চাল দিচ্ছেন।
সেখানে চাল নিতে আসা চালিতাতলা গ্রামের বাবুল মিয়া বলেন, ‘হুনছি সরকার এই মাস অইতে (নভেম্বর) ৩০ কেজির বোস্তায় কইর্যা চাউল দেবে। কিন্তু হেই বোস্তা তো মোগে দেয় নায়। নিজেগো বোস্তায় মোরা চাউল নেতে আছি।’
ডিলার কালাম খান বলেন, ‘খাদ্যগুদাম থেকে আমাদের হতদরিদ্র লোকদের জন্য নভেম্বর মাসের বরাদ্দে ৫০ কেজির বস্তার চাল দিয়েছে। গুদাম থেকে আমাদের ৩০ কেজির বস্তার কোনো চাল দেয়নি।’
সদরের ঢলুয়া ইউনিয়নের বরইতলা এলাকায় গিয়ে দেখা যায়, হতদরিদ্র ব্যক্তিরা চাল নেওয়ার জন্য ডিলারের দোকানে ভিড় করেছেন। তাঁদের সবার হাতে চাল নেওয়ার জন্য বাড়ি থেকে আনা খালি বস্তা।
চাল নিতে আসা মোল্লারহোড়া গ্রামের রেহেনুর বেগম বলেন, ‘চাউল নেতে বাড়িগোনে বোস্তা লইয়া আইছি। হেই বোস্তায় চাউল লইছি। মোরাও হুনছি শেখ হাসিনা প্যাকেট কইর্যা মোগো চাউল দেবে, কিন্তু মোরা প্যাকেট করা চাউল পাই নায়।’ একই কথা বলেন ডালভাঙ্গা গ্রামের কাশেম গাজী, বকুল বেগমও।
বরইতলা এলাকার ডিলার আবুল কালাম আজাদ বলেন, ‘২৮ নভেম্বর ৫০ কেজি ওজনের বস্তায় করে খাদ্যগুদাম থেকে আমাদের চাল দেওয়া হয়েছে। সেই বস্তা ভেঙে আমরা বিক্রি করছি। ৩০ কেজির ওজনের কোনো বস্তার চাল আমাদের দেওয়া হয়নি।’
জেলার অন্য উপজেলাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সেসব উপজেলায়ও ৩০ কেজির নতুন বস্তায় চাল বিতরণ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘বস্তা পৌঁছাতে বিলম্ব হওয়ায় আমরা নতুন বস্তায় চাল বিতরণ করতে পারিনি।’
জেলা খাদ্য নিয়ন্ত্রক শহীদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নতুন বস্তা পাওয়ার পর সেগুলো প্রতিটি উপজেলায় পৌঁছে দেওয়া হয়েছে এবং সব উপজেলায় ৩০ কেজির বস্তায় করে চাল বিতরণ করা হয়েছে।’ এ সময় তাঁকে কয়েকজন ডিলারের দোকানের চাল বিতরণের ভিডিও ও স্থিরচিত্র দেখানো হলে তিনি বলেন, ‘আমার কাছে এ নিয়ে কোনো ডিলার বা সুবিধাভোগী অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখব।’
গত সেপ্টেম্বর মাসে দেশজুড়ে এই কর্মসূচি চালু হয়। সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাস এবং আগামী বছরের মার্চ-এপ্রিল দুই মাস এই চাল পাবেন সুবিধাভোগীরা।