৩০ কেজির স্থলে ক্ষতিগ্রস্তরা চাল পেলেন ১৫-২০ কেজি
বরগুনায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত দুস্থ পরিবারগুলোর জন্য বরাদ্দ করা ভিজিএফ প্রকল্পের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। জনপ্রতি ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হলেও সেখানে ১৫ থেকে ২০ কেজির বেশি পাননি ভুক্তভোগীরা। বরগুনার ৪২টি ইউনিয়ন ও চারটি পৌর এলাকায় মহাসেনে ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে এই সহায়তার চাল গত মঙ্গলবার বিতরণ করা হয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এক লাখ ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়। এ কার্ডের মাধ্যমে তিন মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
মঙ্গলবার সকালে সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ১৫-২০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। দুপুরে বরগুনা সদর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, সেখানে বালতি দিয়ে মেপে (এক বালতিতে ১০ কেজি) কাউকে কাউকে দুই বালতি, কাউকে দেড় বালতি করে চাল দেওয়া হচ্ছে।
চাল পাওয়া আবুল কালাম বলেন, ‘আমার নাম তালিকায় নেই। আমি পরে চেয়ারম্যানকে বলায় ১৫ কেজি দিয়েছে।’ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘হুনছি সরকার মোগো পেরতেকেরে ৩০ কেজি কইর্যা চাউল দেছে, কিন্তু পাইছি ২০ কেজি।’ বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর দাবি করেন, ঘাটতির কারণে ২৮ কেজি করে চাল দেওয়া হয়েছে। সুবিধাভোগীরা তো ১৫ ও ২০ কেজি করে দেওয়ার কথা বলছে, এমন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ ধরনের অভিযোগ ঠিক নয়। সদরের গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী অনীল শিকদার অভিযোগ করেন, ‘৩০ কেজি বরাদ্দ থাকলেও আমরা ২০ কেজি করে চাল পেয়েছি। ওজনে কম দেওয়ার ব্যাপারে আমরা জিজ্ঞেস করলে ওই ওয়ার্ডের সদস্য সুজন সরকার আমাদের ধমকান এবং বেশি বাড়াবাড়ি করলে নাম কেটে দেওয়ার ভয় দেখান।’ একই অভিযোগ করেন নির্মল শিকদার, মমতা রানীসহ আরও বেশ কয়েকজন। অভিযোগ সম্পর্কে সুজন সরকার বলেন, ‘ঘাটতি ও আনা-নেওয়ার ব্যয় নির্বাহের জন্য কিছু চাল কম দিচ্ছি। তবে ২০ কেজি নয় ২২-২৩ কেজি করে দিচ্ছি।’
সদরের বালিয়াতলী, বদরখালী, বুড়িরচর, ফুলঝুরি এসব ইউনিয়নের সুবিধাভোগীরাও চাল কম দেওয়ার অভিযোগ করেছেন। বরগুনা জেলা প্রশাসক আবদুল ওয়াহাব ভূঁইয়া জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন এবং কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।