৩০ কেজির স্থলে ২৫ কেজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে দুস্থ নারীদের সহায়তা প্রকল্প ভিজিডির সুবিধাপ্রাপ্ত নারীদের জনপ্রতি ৩০ কেজির স্থলে ২৫ কেজি করে গম বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়মের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও সদস্যরা জড়িত বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেন।সরেজমিনে গিয়ে জানা গেছে, গত মঙ্গলবার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ভিজিডি প্রকল্পের সুবিধাভোগী ২৭১ জন দুস্থ নারীকে একত্রে চার মাসের গম বিতরণ করা হয়। এতে প্রত্যেকে ১২০ কেজি করে গম পাওয়ার কথা থাকলেও তাঁদের দেওয়া হয়েছে ১০০ কেজি করে। তবে এ নিয়ে কেউ উচ্চবাচ্য করার সাহস পাননি। জানা গেছে, এতে পাঁচ হাজার ৪২০ কেজি গম উদ্বৃত্ত ছিল। ভুক্তভোগী নারীদের অভিযোগ, উদ্বৃত্ত গম সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মসাৎ করেছেন। সুবিধাভোগী নারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গম বিতরণকাজে নিয়োজিত কাঁঠালতলী ইউপির সচিব রাসেল খান ২৫ কেজি গম দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আনা-নেওয়ার ঘাটতি ও ব্যয় মেটাতে আমরা ৩০ কেজির স্থলে ২৭ কেজি করে গম দিচ্ছি, এটা সত্য।’ তবে ভুক্তভোগী নারীদের পাওয়া গম তাঁর সামনে বসে তখনই পরিমাপ করে দেখা গেছে, প্রত্যেকেই পেয়েছেন ২৫ কেজি করে। এ সময় রাসেল খানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোনো কথা বলেননি।এ সময় গম বিতরণের কাজে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ইউনিয়নের কর্মকর্তা দেবব্রত কবিরাজ বলেন, ‘আমি উপস্থিত হওয়ার আগেই ইউপি সচিব তড়িঘড়ি করে গম বিতরণ শুরু করে দেন। তাই বিষয়টি প্রাথমিক পর্যায়ে আমার নজরে আসেনি।’ভিজিডির সুবিধাভোগী হাসিনা বেগম অভিযোগ করেন, ‘আগেও আমাগো এই রহম ৩০ কেজির জাগায় ২৫ কেজি কইর্যা গম দেছে। কিন্তু মোরা তালিকা থিয়া বাদ পড়মু, হেই ভয়তে কোনো কতা কই নাই।’সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ওজনে কম দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘গোডাউন থেকে আমাদের যে গম দেওয়া হয়, তাতে অনেক ঘাটতি থাকে। এ ছাড়া গম আনা-নেওয়ার ক্ষেত্রে আমাদের পরিবহনব্যয় সরকার বহন করে না। গুদামের ঘাটতি ও পরিবহনব্যয় মেটাতে কিছুটা কম দিতে বাধ্য হই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহবার হোসেন বলেন, ‘ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছি। সত্যতা পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’