৩০ কোটি টাকা জরিমানা মাফ, শ্রমিককল্যাণে দিতে হবে ৫০ হাজার টাকা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার সময় বেঁধে দেওয়া সত্ত্বেও হাজারীবাগ থেকে না সরানোয় ট্যানারি-মালিকদের জরিমানা হিসেবে বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা এবং প্রতিদিন ১০ হাজার টাকা করে আরোপিত জরিমানা মওকুফ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে শ্রমিকদের পুনর্বাসন ও কল্যাণে ১৪২টি ট্যানারির মালিককে এককালীন ৫০ হাজার টাকা করে শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।  

পাশাপাশি রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হওয়া ট্যানারির যেসব মালিক গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগের জন্য আবেদন করেছেন, আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে তাঁদের এসব পরিষেবা-সংযোগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত।

হাজারীবাগ থেকে ট্যানারি না সরানোয় জরিমানা হিসেবে ১০ হাজার টাকা করে প্রতিদিন দিতে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা (রিভিউ) ও জরিমানা হিসেবে ট্যানারি কারখানার বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ট্যানারি-মালিকদের সংগঠন আবেদন (লিভ টু আপিল) করেছিল। শুনানি শেষে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

সতর্ক করে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছেন, বুড়িগঙ্গা বাঁচাতে গিয়ে ধলেশ্বরী যেন আরেকটি বুড়িগঙ্গা না হয়। সাভার চামড়াশিল্প নগরীর কারখানাগুলোর বর্জ্য পরিশোধনের জন্য সিইটিপি ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ট্রিটমেন্ট প্ল্যান্ট যাতে যথাযথভাবে কাজ করে, তা নিশ্চিত করতে হবে। সাভারে যাওয়া ট্যানারিগুলোর বর্জ্য যাতে ধলেশ্বরী নদীতে না পড়ে, তা নিশ্চিত করতে হবে। পরিবেশের দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে ট্যানারি স্থানান্তরের উদ্দশ্য ফলপ্রসূ হবে না। এতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে।

আদেশে বলা হয়, স্থানান্তরের পর হাজারীবাগের ট্যানার-মালিকেরা ট্যানারির পরিবর্তে ওখানে অন্য কোনো কিছু গড়তে চাইলে, পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিয়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির পুনঃসংযোগ নিতে পারবেন। 

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের করা আবেদনের  শুনানিতে এলে ৩০ মার্চ আপিল বিভাগ বলেন, আপনারা ক্লোজ ডাউন (বন্ধ করে) আসুন, আমরা দেখব। সে সঙ্গে আদালত ৯ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।

এর ধারাবাহিকতায় গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে ট্যানারি-মালিকদের পক্ষে শুনানি করেন সৈয়দ আমিরুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস, সঙ্গে ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। এইচআরপিবির পক্ষে শুনানিতে অংশ নেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, আপিল বিভাগ কয়েকটি নির্দেশনা দিয়ে ট্যানারি মালিক সমিতির দুটি দরখাস্ত নিষ্পত্তি করে দিয়েছেন। যে কারণে হাজারীবাগের ট্যানারিগুলো সাভারে সরানো হলো, সে একই কারণে যদি সাভারের ধলেশ্বরী নদীতে আবার কোনো রকম পরিবেশদূষণ হয়, তাহলে ওই উদ্দেশ্য অকার্যকর হয়ে যাবে বলেছেন আদালত। আদালত বলেছেন তথ্য এসেছে, সাভারের ট্যানারি থেকে বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, বর্জ্য সঠিকভাবে পরিশোধন না করে ফেলা হচ্ছে। অনেক বর্জ্য নদীতে পড়ে ধলেশ্বরী নদী দূষণ হচ্ছে, সে পরিপ্রেক্ষিতে আদালত সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই ট্যানারি অপসারণ করার পর সাভারে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন জরিমানা আর দিতে হবে না, বকেয়ার অর্থ যা ছিল তা-ও পরিশোধ করতে হবে না। তবে শ্রমিকদের কল্যাণে ১৪২টি ট্যানারি-মালিককে ৫০ হাজার টাকা করে ১৫ দিনের ভেতর শ্রম মন্ত্রণালয়ে জমা দিতে হবে। তিনি বলেন, সাভারে সিইপিটি যাতে যথাযথভাবে কাজ করে এবং ড্যাম্পিং ইয়ার্ড চালু করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নিতে পরিবেশ মন্ত্রণালয়কে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে এসব বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে।