৩০ গ্রামে ডাকাত-আতঙ্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তিনটি ইউনিয়নের চরাঞ্চলের সহস্রাধিক পরিবার ডাকাত-আতঙ্কে আছে। ডাকাত প্রতিরোধে স্থানীয় লোকজন ও ভিডিপির সদস্যরা রাত জেগে পাহারা দিচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলে পদ্মা তীরবর্তী প্রায় ৩০টি গ্রামের সহস্রাধিক পরিবার ডাকাত-আতঙ্কে ভুগছে। দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি, বেতকা, চর বেতকা, বেথুরী, বাহির বেথুরী, কাউজানি, খালেক মুন্সির পাড়া, মধু সরদারের পাড়া, ইছাইল শিবরামপুর, দেবগ্রাম, অন্তার মোড়সহ বেশ কয়েকটি গ্রামে গত দেড়-দুই মাসে চরমপন্থী পরিচয়ে ডাকাতেরা কয়েকবার হানা দিয়েছে। দেবগ্রাম ইউনিয়নের মধু সরদার পাড়ার ভিডিপি দলের সদস্য আবদুস সামাদ (৪৫) জানান, চরমপন্থী পরিচয়ে ডাকাতেরা এবার যেন একটু আগেভাগেই হানা দিতে শুরু করেছে। লুটে নিচ্ছে মানুষের সহায়সম্বল। এ অবস্থায় তাঁরা রাতে গ্রাম পাহারা দিচ্ছেন। দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া আইনদ্দিন প্রামাণিকের পাড়া গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম (৪০) বলেন, গত বৃহস্পতিবার রাতে ডাকাত দল দুটি ট্রলারে করে এসে গ্রামে ঢুকলেও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির বলেন, ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর ইউনিয়নের আঙ্কের শেখেরপাড়া, মহিদাপুর, দেবীপুর, করনেশনাসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা এখন রাত জেগে পাহারা দিচ্ছে। গত বছর ডাকাতের উৎপাতে অতিষ্ঠ হয়ে দেবীপুর গ্রামের সবাই (৭৫টি পরিবার) গ্রাম ছেড়ে চলে গেছে। এসব গ্রামে পুলিশি টহল জোরদার করতে অনুরোধ করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীনূর হোসেন জানান, উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলে ডাকাতের উৎপাতের কথা শুনে দৌলতদিয়া, উজানচর ও দেবগ্রাম ইউনিয়নে ভিডিপির মোট ১৫টি দল গঠন করা হয়েছে।