‘এই হুগনার সময় খেতে পানি দিতে পারি না। আবার বর্ষার পানিতে ঘর-বাড়ি তলাইয়া যায়। কচুরিপানা জইমা পানি পইচা গেছে। এই পচা পানির কারণে রোগ-বালাই ছড়াইতাছে। ঘ্রানে পাশ দিয়া হাঁটাও মুশকিল। একটা বান দিয়া নদীডারে মাইরা হালাইছে।’তালুকদারের হাটে আক্ষেপ করে কথাগুলো বলেছেন চন্দ্র গ্রামের কৃষক সবুজ ফকির। হাটের পাশ দিয়ে প্রবাহিত চাওড়া নদীর ওপারের রাওঘা গ্রামের কৃষক শাহালম, হামেদ ডিলার ও ধান ব্যবসায়ী মজনু আকন বাঁধ কাটার আকুতি জানালেন। এটি কাটার দাবিতে গতকাল শুক্রবার আমতলী শহরের একটি ক্লাবে নাগরিক ফোরাম ও জনসংগঠনের (কৃষক সংগঠন) উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আমতলী উপজেলা নাগরিক ফোরামের সদস্যসচিব অধ্যাপক নজরুল ইসলাম তালুকদার। এ সময় আমতলী, হলদিয়া ও চাওড়া ইউনিয়েনর কৃষকসহ নাগরিক ফোরাম ও জনসংগঠনের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সুবন্ধি এলাকায় চাওড়া নদীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) একটি বাঁধ নির্মাণ করায় এর প্রায় ৩০ কিলোমিটারজুড়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে অপরিকল্পিতভাবে দ্বিতীয়বারের মতো এটি নির্মাণ করার কারণে অল্পদিনেই এর বিশাল এলাকা কচুরিপানায় ভরে যায়। আবদ্ধ পচা পানির দুর্গন্ধে নদীর দুই পারের মানুষের বসবাস করা দুরূহ হয়ে পড়েছে এখন। এ পানি দিয়ে কোনো কাজ তো দূরের কথা, জমিতে চাষাবাদের জন্যও কৃষকেরা তা ব্যবহার করতে পারছেন না।সরেজমিনে দেখা গেছে, চাওড়া নদীর একটি শাখা অমতলী থেকে তালুকদার হাট হয়ে রাওঘা গ্রামের সুবন্ধি এলাকার দিকে এবং আরেকটি শাখা তালুকদারহাট থেকে হলদিয়া বিশ্বাসের হাট পর্যন্ত প্রবাহিত হয়েছে। এটি পশ্চিমে পায়রা, উত্তরে রামনাবাদ ও দক্ষিণে টিয়াখালী নদীতে গিয়ে মিশেছে। চাষাবাদ ও গৃহস্থালির কাজের জন্য নদীর এ পানির ওপর আমতলী, কুকুয়া, চাওড়া ও হলদিয়া ইউনিয়নের ৩০ গ্রামের প্রায় এক লাখ মানুষ নির্ভরশীল।পাউবো সূত্র ও স্থানীয় লোকজন জানান, ১৯৬৮ সালে নদীর উত্তর শাখা অংশের সুবন্ধি এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হয়। ১৯৮১ সালে আমতলী অংশে আরেকটি বাঁধ নির্মাণ করা হয়। পরে টিয়াখালী নদী মরে গেলে চাওড়া নদীতে পানিপ্রবাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজনের দাবির মুখে ১৯৯০ সালে উপজেলা প্রশাসন সুবন্ধি বাঁধটি কেটে দেয়। কিন্তু ২০০৯ সালে পাউবো আবারও ওই এলাকায় বাঁধ নির্মাণ করে।আমতলী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা মদন জি পাল জানান, চাওড়া নদীর পানি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখনই সমস্যার সমাধান না হলে ওই এলাকায় চর্ম ও পানিবাহিত রোগ-ব্যাধি ছড়িয়ে পড়বে। চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তারুজ্জামান জানান, এলাকার সাধারণ মানুষের গলার কাঁটার মতো এ বাঁধটি এখন কাটা খুবই জরুরি। অপরিকল্পিতভাবে নির্মিত এ বাঁধের কারণে কৃষিজমিতে যেমন পানিশূন্যতা সৃষ্টি হচ্ছে, তেমনি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করছে।আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, বাঁধের কারণে তিনটি ইউনিয়নে ফসলের উৎপাদন বহুলাংশে কমে গেছে। বিভিন্ন স্থানে এ রকম অপরিকল্পিত বাঁধের কারণে আমতলী উপজেলার শতকরা নব্বই ভাগ খাল মরে গেছে। আমতলী ইউপির চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা জানান, সুবন্ধি বাঁধটি আসলে কী কারণে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়। এটি সবচেয়ে বেশি ক্ষতি করছে চাওড়া, হলদিয়া ও আমতলী ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের। এটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকবার আবেদন করা হয়েছে। এলাকাবাসী এখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী জহির আহম্মেদ জানান, চাওড়া নদীর সুষ্ঠু পানিপ্রবাহ নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হবে।