৩০ ঘণ্টা পর ভাঙন ঠেকাতে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ ঘণ্টা পর ফরিদপুর শহররক্ষা বাঁধের ভাঙন ঠেকানোর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে ভেঙে যাওয়া জায়গায় পদ্মার গভীরে বোল্ডার (ব্লক) ফেলে ভাঙন রোধে কাজ শুরু করা হয়।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাঁধের বাঁধানো তীরের ৭৩ মিটার পদ্মায় বিলীন হয়ে যায়। ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পূর্ব আলীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
গত শুক্রবার বিকেল থেকে নদীতে বোল্ডার ফেলা শুরু হয়। এ কাজ তদারক করছেন পাউবোর কার্য সহকারী মনিরুল ইসলাম। তিনি বলেন, ভাঙনকবলিত জায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সে গর্ত বন্ধ করতে বোল্ডার ও বালুভর্তি জিও ব্যাগ ফেলার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার বিকেলে কাজ শুরু হওয়ার পর থেকে ২০ জন শ্রমিক এ কাজে নিয়োজিত রয়েছেন। গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত ১ হাজার ৪০০ বোল্ডার পানিতে ফেলা হয়েছে।
ফরিদপুর পাউবোর উপসহকারী প্রকৌশলী নিখিল চন্দ্র হালদার বলেন, ভাঙন রোধে প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার বোল্ডার ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে ভাঙন রোধ না হলে বালুভর্তি চার হাজার জিও ব্যাগ ফেলা হবে।
গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের (যা শহররক্ষা বাঁধ হিসেবে পরিচিত) ব্লক ধসে পড়া শুরু হয়। এর দুই ঘণ্টার মধ্যে ৭৩ মিটার অংশ ব্লক জিও ব্যাগসহ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
গতকাল শনিবার প্রথম আলোয় ‘বাঁধের ৭৩ মিটার পদ্মায় বিলীন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।