৩০ জুনের মধ্যে চামড়া শিল্প সাভারে স্থানান্তরের সুপারিশ
শিল্প মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির পরিদর্শক দল ৩০ জুনের মধ্যে হাজারীবাগ থেকে চামড়া শিল্প কারখানা সাভারের চামড়া শিল্প এলাকায় স্থানান্তরের সুপারিশ করেছে। আজ বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে পরিদর্শক দলের এ সংক্রান্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, সাভারের চামড়া শিল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য আমাদের কমিটি থেকে আবদুর রাজ্জাক সাহেবের নেতৃত্বে একটি উপকমিটি করা হয়েছিল। সেই কমিটির এই সুপারিশ করেছে। এই সুপারিশ গ্রহণ করা যায় কি না, সে বিষয়ে মূল কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাভার চাড়মা শিল্প এলাকায় সকল প্লট বরাদ্দ করার পরও হাজারীবাগে যদি কোনো ট্যানারি কারখানা থেকে যায়, প্রয়োজনে প্রকল্প সংলগ্ন এলাকায় নতুন করে জমি অধিগ্রহণ করে সেগুলোকে সাভারে নিয়ে যেতে হবে। এছাড়া চামড়া শিল্পের বিকাশে স্বল্প সুদে ঋণ দেওয়ার সুপারিশ করা হয়।
ওমর ফারুক চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা ও আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী অংশ নেন।