৩০ টাকায় ২০ টাকা ছাড়
পণ্যের প্রতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ফুটপাতের দোকানিরা ডাকাডাকি করেন। তাই বলে কি ছাড়ে বাসের টিকিট বিক্রিতেও মাইকিং। হ্যাঁ, ঠাকুরগাঁওয়ে এমন দৃশ্যই দেখা যাচ্ছে।
গত সপ্তাহে ঠাকুরগাঁও-গড়েয়া, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী, বালিয়াডাঙ্গী-নেকমরদ ও ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে বাসের ভাড়া কমিয়ে জনপ্রতি ১০ টাকা নেওয়ার সিদ্ধান্ত নেয় মোটর মালিক সমিতি। এর পর থেকে বালিয়াডাঙ্গী ও নেকমরদের কাউন্টারগুলোতে মাইকিং করে টিকিট বিক্রি করছেন সমিতির লোকজন।
পরিবহনের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঠাকুরগাঁও-গড়েয়া সড়কে জনপ্রতি ২০ টাকা, ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে ২৫ টাকা ও ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে ৩০ টাকা করে বাসের ভাড়া নিচ্ছিলেন মালিক সমিতির লোকজন। কিন্তু গত মঙ্গলবার থেকে তাঁরা ওই সব সড়কে বাসভাড়া ১০ টাকা করে নিতে শুরু করেন। অন্যদিকে টেম্পো ও থ্রি হুইলার মালিক সমিতিও বৃহস্পতিবার থেকে ওই সব সড়কে প্রতি যাত্রীর ভাড়া ১০ টাকা করে নিতে শুরু করে।
বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের বাসস্ট্যান্ডের টিকিট বিক্রেতা সলেমান আলী বলেন, ‘২৫ টাকার টিকিটে ১৫ টাকা ছাড় দিয়ে ১০ টাকা নেওয়া হচ্ছে। ভাড়া কম নেওয়ার কথা যাত্রীদের জানাতেই মাইক ব্যবহার করছি। ভাড়া কমানোর ফলে এখন আগের চেয়ে বাসে দ্বিগুণ যাত্রী পাচ্ছি।’
বালিয়াডাঙ্গীর দুওসুও গ্রামের বাসিন্দা আবদুল মমেন বলেন, ‘সড়কে থ্রি হুইলার ও ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে দীর্ঘদিন মোটর মালিক সমিতি এবং টেম্পো ও থ্রি হুইলার মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব চলছে। সড়কে থ্রি হুইলার ও ইজিবাইক বন্ধের দাবিতে মালিক-শ্রমিকেরা চলতি বছরে কয়েক দফা পরিবহন ধর্মঘট করেন। এর পরও সড়কে সেসব যান চলাচল বন্ধ করতে না পেরে মোটর সমিতি ভাড়া কমিয়ে বাসে যাত্রী টানার কৌশল নিয়েছে।
মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ওই সব সড়কের বাসমালিক নিজেরাই ভাড়া কমিয়েছেন। এ সিদ্ধান্তে সমিতির সম্পৃক্ততা নেই।