বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা অবরোধের কারণে কয়েক দফা তারিখ বদল করেও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য বিলি করতে পারেনি যশোর শিক্ষা বোর্ড। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ জানান, বোর্ডের অধিভুক্ত ১০টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরীক্ষকেরা খাতা নিতে আসতে পারছেন না। ইতিমধ্যে জেএসসি পরীক্ষার ১১টি বিষয়ের মধ্যে চারটির খাতা মূল্যায়নের জন্য পরীক্ষকদের মধ্যে বিলি করা হয়েছে। সাতটি বিষয় এখনো বাকি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, কৃষি শিক্ষা ও ধর্ম (হিন্দুধর্ম, খ্রিষ্টধর্ম, বৌদ্ধধর্ম) গত ৩০ নভেম্বর এবং ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, গার্হস্থ্য বিজ্ঞান এবং চারু ও কারুকলা বিষয়ের খাতা ১ ডিসেম্বর বিলি করার তারিখ ছিল। কিন্তু অবরোধের কারণে সেদিন বিলি করা যায়নি। আজ শুক্রবার ও কাল শনিবার এসব খাতা বিলির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
যশোর সদর উপজেলার দানবীর হাজী মুহম্মদ মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহমিনা সুলতানা বলেন, ‘২০০ খাতা মূল্যায়নের জন্য আমাদের আট দিন সময় দেওয়া হয়। এখনো খাতা হাতে পেলাম না। এর মধ্যে এক সপ্তাহ পেরিয়ে গেছে। ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এদিকে ১ জানুয়ারি শিশুদের নতুন বই দেওয়ার কথা রয়েছে।’ এভাবে অবরোধ চলতে থাকলে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘চলমান পরিস্থিতিতে আমরা একটু উদ্বিগ্ন আছি। তবে ৩০ ডিসেম্বর ফলাফল প্রকাশের জন্য আমরা বদ্ধপরিকর। এ জন্য শুক্রবার ও শনিবার বাড়তি কাজ করা হচ্ছে। আশা করছি, ততটা সমস্যা হবে না।’