৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করবে বাম মোর্চা
আবারও বিদ্যুৎ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। একই সঙ্গে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির জন্য আয়োজিত শুনানি বন্ধ করে মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবি জানানো হয়।গতকাল শুক্রবার মোর্চার এক জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। সভায় ৩১ ডিসেম্বরের মধ্যে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।গণসংহতি আন্দোলনের সমন্বয় কমিটির আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে আইএমএফসহ ‘বিদেশি মুরব্বিদের’ নির্দেশনায় আবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিরপুর শাখা কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই আহ্বান জানান।