৩০ দিনে সেবা নিলেন ১২ জন
প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সাড়ে তিন বছর আগে সারা দেশের মতো কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার কার্যক্রম চালু হয়। কিন্তু এই সেবা সম্পর্কে এলাকার মানুষ জানে না বললেই চলে।৩০ দিনে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমের মুঠোফোন নম্বরে কল করেছেন ২৪ জন। তাঁদের মধ্যে সেবা নিয়েছেন মাত্র ১২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০০৯ সালের মে থেকে সারা দেশের ৪১৮টি সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়। ওই সময় মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সেও এই সেবা চালু হয়। ওই সময় প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে মুঠোফোন দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টা ওই মুঠোফোনের মাধ্যমে জনসাধারণকে জরুরি চিকিৎসাসেবা ও পরামর্শ দেওয়ার কথা। এ ছাড়া ওই মুঠোফোনের নম্বরটি হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন সরকারি নির্দেশনা রয়েছে।বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে তাঁরা জানেন না।নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বাস্থ্যকর্মী বলেন, ‘মুঠোফোনে স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। এমন কী হাসপাতালের মাসিক সভায় চিকিৎসকেরা এ সম্পর্কে আমাদের কিছু বলেননি।’ তিনি বলেন, ‘এই সেবা সম্পর্কে যেখানে আমরাই জানি না, সেখানে সাধারণ মানুষের জানার তো প্রশ্নই ওঠে না।’কুতুবজোম আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী বলেন, ‘মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু আছে, সেটা আপনার কাছেই প্রথম শুনলাম। এর আগে কারও কাছ থেকে শুনিনি।’ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘মুঠোফোনে চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে এই প্রথম শুনলাম। হাসপাতাল কর্তৃপক্ষ ওই মুঠোফোন নম্বরটি আমাদেরও দেয়নি।’ তিনি আরও বলেন, ওই নম্বরটি প্রচার হলে এলাকার জনগণ সহজেই মুঠোফোনে স্বাস্থ্যসেবা পেত।গত মঙ্গলবার বিকেলে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমের মুঠোফোন নম্বরে (০১৭৩০-৩২৪৪৬৮) যোগাযোগ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আশিস দে ফোন ধরেন। তিনি জানান, মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই নম্বরে কেউ ফোন করেননি।অপর চিকিৎসক ঝুলন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘তিন মাসের মধ্যে ৩০ দিন ওই মুঠোফোন আমার কাছে ছিল। এই সময়ে ফোন আসে ২৪টি। তার মধ্যে চিকিৎসাসেবা নিয়েছেন মাত্র ১২ জন।’ তিনি বলেন, মুঠোফোনে স্বাস্থ্যসেবার বিষয়ে এলাকায় প্রচার-প্রচারণা চালানো দরকার।এ প্রসঙ্গে জানতে চাইলে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ জানান, হাসপাতালের ভেতরে যেখানে রোগীদের আনাগোনা যেখানে বেশি, সেখানে ওই মুঠোফোন নম্বরটি দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনসাধারণকে জানাতে মুঠোফোনের নম্বরটি স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়েছে।