৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে পদ্মা নদীতে মাছ ধরার জন্য দেওয়া বাঁশের বেড়া আগামী ৩০ দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাঁশের বেড়া নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। মাদারীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এই নির্দেশনা পালন করে ১৩ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত ২৭ অক্টোবর প্রথম আলোর শেষের পাতায় ‘পদ্মায় বাঁশের দীর্ঘ বেড়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, বেড়ার জন্য মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি, লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এ প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে একটি রিট আবেদন করেন ঢাকার সেগুনবাগিচার বাসিন্দা কামরুজ্জামান। পানিসম্পদ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয়ের তিন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মুন্সিগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, লৌহজং ও শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ১২ জনকে রিট আবেদনের বিবাদী করা হয়।