৩০ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণস্বাস্থ্য কেন্দ্রের সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) মাকলুকুর রহমান ওরফে মুরাদ হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে ৩০ দিনের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিহতের মামা ও মামলার বাদী মো. আজগর আলী খানের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এ নির্দেশ দেওয়া হয়।
গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তদন্তকারী কর্মকর্তা পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনকে এ আদেশ দেন।
আজগর আলী আবেদনে উল্লেখ করেন, তাঁর ভাগনে মাকলুকুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে গত ২১ জানুয়ারি গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনের বিরুদ্ধে গলাচিপা থানায় তিনি একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এমনকি কাউকে গ্রেপ্তারও করেনি পুলিশ। অথচ এর মধ্যে মামলাটি তদন্তের জন্য গলাচিপা থানা থেকে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের কাছে পাঠানো হয়েছে। সে সঙ্গে তদন্ত কর্মকর্তাও কয়েক দফায় বদলানো হয়েছে।
আজগর আলী আরও উল্লেখ করেন, বর্তমানে মামলাটি পটুয়াখালী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফরুল আমিন তদন্ত করছেন। তবে পটুয়াখালী গোয়েন্দা পুলিশে খোঁজ নিয়ে জানা যায়, মামলাটি এক মাস ধরে তদন্ত করছেন পটুয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আলমগীর হোসেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মুরাদ হত্যা মামলাটি একটি স্পর্শকাতর ও জটিল মামলা। আমরা সতর্কতার সঙ্গে মামলাটি তদন্ত করছি। একটু সময় লাগবে।’