৩০ দিনের মধ্যে নিখোঁজ শিশুকে উদ্ধারের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট থেকে নিখোঁজ স্নিগ্ধা দেব নামের চার বছরের এক শিশুকে ৩০ দিনের মধ্যে উদ্ধার করে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের (হেবিয়াস করপাস) শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

২০১৩ সালের ২১ জুলাই থেকে শিশুটি নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত ৩০ দিনের মধ্যে শিশুটিকে উদ্ধার করে আদালতে হাজির করার নির্দেশও দেন তাঁদের। একই সঙ্গে ১২ এপ্রিল পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে।

আদেশের বিষয়টি জানিয়ে রিট আবেদনকারীর আইনজীবী সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০ মাস পেরিয়ে গেলেও শিশুটি উদ্ধার না হওয়ায় রিটটি করা হয়। স্নিগ্ধার মা শর্বাণী দেব ৮ মার্চ রিটটি করেন।

আইনজীবীরা জানান, সিলেটের বালাগঞ্জ উপজেলার রাজচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার দেবের শিশুকন্যা স্নিগ্ধা দেব। নিখোঁজ হওয়ার ঘটনায় শিশুটির বাবা সিলেট কোতোয়ালি থানায় প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের মামলা করা হয়। এ মামলায় গ্রেপ্তার মো. রবিউল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।