সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি যুক্ত করা, নারীনীতি ও শিক্ষানীতি সংশোধন করাসহ আরও কিছু ধর্মীয় বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে ইসলামী ও সমমনা ১২ দল। অন্যথায় হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচির হুমকি দিয়েছে ধর্মভিত্তিক বিভিন্ন দলের এই মোর্চাটি।গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সমমনা ১২ দলের জাতীয় সম্মেলনে এর নেতারা এই হুমকি দেন। মোর্চার সমন্বয়ক জাফরুল্লাহ খান বলেন, সরকারকে ‘ইসলামবিরোধী’ ষড়যন্ত্র থেকে সরে আসতে তাঁদের পক্ষ থেকে এটা শেষ আহ্বান। তিনি সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন। সম্মেলনে সভাপতির বক্তব্যে ১২ দলের প্রধান সমন্বয়ক মুহিউদ্দিন খান বলেন, ‘প্রয়োজনে মিসরের তাহরির স্কয়ারের মতো গণ-অবস্থান নিয়ে সরকারের পতন ঘটানো হবে। আমরা ডাকব, আপনারা আসবেন।’ তিনি ইসলামী সব দলকে এক হয়ে মাঠে নামার আহ্বান জানান।অন্যদের মধ্যে খেলাফত আন্দোলনের আমির আহমাদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহসভাপতি আশরাফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ঈসা শাহেদী প্রমুখ বক্তব্য দেন।