৩০ নভেম্বর ঢাকায় আসবেন পোপ ফ্রান্সিস

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খ্রিষ্টানদের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। গত রোববার পোপ এ বিষয়ে তাঁর আবেগের কথা জানিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে ঢাকার আর্চবিশপ হাউসে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কর্মীদের এ কথা জানান ঢাকার আর্চবিশপের কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও। তিনি সাংবাদিকদের বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস তিন দিনের সফরে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসবেন। তাঁর আগমনের মূলভাব—সম্প্রীতি ও শান্তি।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিষয়ে পোপ ফ্রান্সিস বিভিন্ন সময়ে তাঁর আবেগ প্রকাশ করেছেন। মিয়ানমার হয়ে পোপ বাংলাদেশ সফরে আসবেন।
প্যাট্রিক ডি রোজারিও বলেন, তাঁর সফরের দুটি দিক আছে। পোপ ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে সফর করবেন। তিনি খ্রিষ্টানদের ক্যাথলিকমণ্ডলীর প্রধান ধর্মগুরু ও প্রধান পালক হিসেবে খ্রিষ্টসমাজে পালকীয় সফর করবেন।
বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি গণমাধ্যমের কর্মীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসকে অনুরোধ পাঠিয়েছেন বাংলাদেশ ভ্রমণের জন্য। পোপ ফ্রান্সিস এই অনুরোধ গ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে পোপের সফরের সম্ভাব্য কর্মসূচি তুলে ধরা হয়। কর্মসূচিগুলো হলো জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, একটি নাগরিক সমাবেশে যোগদান, বাংলাদেশের কার্ডিনাল ও আর্চবিশপদের সঙ্গে দেখা করা। এ ছাড়া পোপ ক্যাথলিকমণ্ডলী পরিচালিত দুস্থ, প্রতিবন্ধী, অসুস্থ, মাদকাসক্ত ও অনাথদের প্রতিনিধি, চার্চের যুবসমাজের প্রতিনিধি এবং চার্চ পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
পোপ ফ্রান্সিসের আসা উপলক্ষে একটি লোগো ও একটি ওয়েবসাইট (www.popebd.info) উদ্বোধন করা হয়। এই ওয়েবসাইটে পোপের বাংলাদেশ সফরের সব তথ্য পাওয়া যাবে।