৩০ নভেম্বর থেকে নিজামীর আপিলে যুক্তি উপস্থাপন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের ওপর ৩০ নভেম্বর থেকে যুক্তি উপস্থাপন শুরু হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে আজ বুধবার ষষ্ঠ দিনের মতো নিজামীর আপিলের শুনানি হয়। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নিজামীর আইনজীবী এস এম শাহজাহান আজ আদালতে পেপারবুক উপস্থাপন শেষ করেন। তাঁকে সহযোগিতা করেন শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত যুক্তি উপস্থাপনের দিন ধার্য করে দেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। সেখানে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর ওই আপিলের শুনানি শুরু হয়।
নিজামীর বিরুদ্ধে মামলার রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, ১৯৭১ সালে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন নিজামী। ছাত্র সংঘই পরে আলবদর বাহিনীতে পরিণত হয়। গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাসদস্যদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। সেই হিসেবে আলবদর বাহিনীর অপরাধ ও কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়।