৩০ নভেম্বর যুক্তি উপস্থাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের ওপর ৩০ নভেম্বর যুক্তি উপস্থাপন শুরু হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল বুধবার ষষ্ঠ দিনের মতো নিজামীর আপিলের ওপর শুনানি হয়। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
নিজামীর আইনজীবী এস এম শাহজাহান গতকাল আদালতে পেপারবুক উপস্থাপন শেষ করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আদালত বলেন, ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে। ৮ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি খণ্ডন করবে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে নিজামীর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর ওই আপিলের শুনানি শুরু হয়। নিজামীর বিরুদ্ধে মামলার রায়ে ট্রাইব্যুনাল বলেছিলেন, ১৯৭১ সালে ছাত্র সংঘের সভাপতি ছিলেন নিজামী। যা পরে আলবদর বাহিনীতে পরিণত হয় এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়।