৩০ নভেম্বরের মধ্যে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলবাড়ী দিবস উপলক্ষে গতকাল দিনাজপুরের ফুলবাড়ীতে মিছিল বের করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ছবি: প্রথম আলো
ফুলবাড়ী দিবস উপলক্ষে গতকাল দিনাজপুরের ফুলবাড়ীতে মিছিল বের করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ছবি: প্রথম আলো

৩০ নভেম্বরের মধ্যে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন, বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র বন্ধ ও ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস সরানোর দাবি জানিয়েছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ।
ফুলবাড়ী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরের নিমতলা মোড়ে আয়োজিত এক আলোচনা সভায় আনু মুহাম্মদ এসব দাবি জানান। এসব দাবি বাস্তবায়িত না হলে ১ ডিসেম্বর ফুলবাড়ীতে মহাসমাবেশ করবে জাতীয় কমিটি।
গতকাল একই সংগঠনের পক্ষ থেকে ঢাকায় ও বগুড়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিনাজপুরে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সংগঠনটির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সৈয়দ সাইফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ আলম, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ প্রমুখ।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের জাতীয় কমিটির সংগঠক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন, রুহিন হোসেন প্রমুখ।
বগুড়ায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম, মাসুদ পারভেজ, কিবরিয়া হোসেন, শ্যামল বর্মণ প্রমুখ।
২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীসহ খনি এলাকার মিছিলের ওপর পুলিশ ও তৎকালীন বিডিআর গুলি চালায়। এতে সালেকিন, আল আমিন, তরিকুল ইসলামসহ তিনজন নিহত ও দুই শতাধিক ব্যক্তি আহত হন।