৩০ নারী প্রার্থীর ২০ জনই স্কুলের গণ্ডি পেরোননি
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ছয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন নারী। তাঁদের মধ্যে ২০ জনই স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। বাকিদের চারজন এসএসসি, পাঁচজন এইচএসসি ও একজন স্নাতক পাস। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ প্রার্থীর ২২ জনই পেশায় গৃহিণী বলে উল্লেখ করেছেন।হলফনামা খতিয়ে দেখা গেছে, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মাহমুদা বেগম সাক্ষরজ্ঞানসম্পন্ন। বাকি চারজন—মনোয়ারা বেগম, মির্জা সেলিনা, রিনা বেগম ও রেহেনা বেগম অষ্টম শ্রেণী পাস। এঁদের মধ্যে একমাত্র মনোয়ারাই পেশা হিসেবে উল্লেখ করেছেন হস্তশিল্প। বাকি সবাই গৃহিণী।সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থীর মধ্যে তাসনিম শিরিন চৌধুরী এইচএসসি পাস ও পেশায় গৃহিণী। অপর প্রার্থী প্রতিমা রানী গুহ সাক্ষরজ্ঞানসম্পন্ন ও পোলট্রি ব্যবসায়ী।৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ছয়জন প্রার্থীর মধ্যে রওশন আরা বেগম এইচএসসি ও ঝর্ণা বেগম এসএসসি পাস। একই ওয়ার্ডের নূরজাহান বেগম, নিলুফা বেগম, রানু বেগম অষ্টম শ্রেণী পাস এবং হাজেরা বেগম পঞ্চম শ্রেণী পাস। এঁদের মধ্যে ঝর্ণা বেগম পেশা উল্লেখ করেননি। বাকিরা পেশায় গৃহিণী।পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শাহ জান্নাতুল ফেরদৌস স্নাতক ডিগ্রিধারী। তিনি পেশার ঘরে কিছু লেখেননি। এ ওয়ার্ডের প্রার্থী নার্গিস আক্তার, লাভলি তালুকদার ও লিলি ফজলু অষ্টম শ্রেণী পাস। অপর প্রার্থী মরিয়ম সরকার সাক্ষরজ্ঞানসম্পন্ন। এঁদের মধ্যে একমাত্র নার্গিস আক্তার পেশায় চাকরিজীবী। বাকিরা গৃহিণী।৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নাসরিন আজাদ, মাহমুদা জামান অষ্টম শ্রেণী, উল্কা বেগম নবম শ্রেণী, রোকেয়া আহমেদ পঞ্চম শ্রেণী ও মোমতাজ বেগম সাক্ষরজ্ঞান বলে উল্লেখ করেছেন। নাসরিন আজাদ বেসরকারি চাকরি করেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। বাকিরা গৃহিণী।৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের হোসনে আরা বিউটি, লুৎফুন্নাহার ও জাকিয়া সুলতানা এইচএসসি, আমিনা আক্তার, ফারহানা নাসরিন ও মাহবুবা আক্তার এসএসসি পাস এবং মনোয়ারা সাক্ষরজ্ঞানসম্পন্ন। এঁদের মধ্যে ফারহানা নাসরিন পেশা হিসেবে ব্যবসা ও মাহবুবা আক্তার স্বাস্থ্যকর্মী উল্লেখ করেছেন। বাকিরা সবাই পেশা উল্লেখ করেছেন গৃহিণী।নারীনেত্রী রাবেয়া আনোয়ার বলেন, শিক্ষিত নারীরা বোঝেন এখানে নির্বাচিত হয়েও জনগণের জন্য কোনো কাজ করতে পারবেন না। এমনকি পৌর পরিষদে যথাযথ সম্মানটুকুও পাওয়া যাবে না। তাই শিক্ষিত, সচেতন নারীদের নির্বাচনে বিমুখতা রয়েছে। ভিন্নমত পোষণ করলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার আহ্বায়ক ও প্রবীণ শিক্ষাবিদ সেকান্দার হায়াত। তিনি মনে করেন, টাঙ্গাইলের শিক্ষিত নারীরা অধিকারসচেতন নন। তাঁরা সংকট থেকে দূরে থাকতে চান। তাই এ ধরনের নির্বাচনে আসেন না। অধিকার আদায় করতে পৌরসভার মতো জায়গায় শিক্ষিত নারীদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ঘরে পঞ্চম, অষ্টম, এসএসসি লেখা। এর মানে কী দাঁড়ায়—এমন প্রশ্নের জবাবে টাঙ্গাইলের নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হক জানান, হলফনামার সঙ্গে প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা সর্বশেষ যে শ্রেণী পাস করেছেন, সেটাই ওই ঘরে উল্লেখ করেছেন।