৩০ পরীক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি এইচএসসি পরীক্ষায় ২০১৪ সালের প্রশ্নপত্র দিয়ে ২০১৫ সালের নিয়মিত পরীক্ষার্থীদের এবং ২০১৪ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ২০১৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজে এ ঘটনা ঘটেছে। সান্তাহার আহসানুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম আসাদুল হক এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অধ্যক্ষ এ কে এম আসাদুল হক জানান, শুধু তাঁর কলেজে নয়, সব মিলে একই ভুলের শিকার হয়েছে আদমদীঘি রহিম উদ্দীন ও সান্তাহার মহিলা কলেজের ৩০ জন শিক্ষার্থী।
এ বিষয়ে সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মনজুরুল ইসলাম বলেন, ২০১৪ ও ২০১৫ সালের ছাত্রছাত্রীদের সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নপত্র একই। পরীক্ষার্থীদের চাহিদার কারণে তাদের হাতে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে। বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এ ভুলের কারণে পরীক্ষার ফলাফলে কোনো সমস্যা হবে না।