৩০ পুরোনো জাহাজ আনেন প্রভাবশালী পাঁচ ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম ভেঙে প্রভাবশালী পাঁচজন ব্যবসায়ী ৩০টি পুরোনো জাহাজ (স্ক্র্যাপ) আমদানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৪৫ দিনে এসব জাহাজ বাংলাদেশে আনা হয়। এসব ব্যবসায়ী আদালতের নির্দেশনা না মেনে পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তর থেকে ছাড়পত্র নিয়ে ২৬টি জাহাজ ইতিমধ্যে ইয়ার্ডে নিয়ে কাটা শুরু করেছেন।জানা গেছে, এ ধরনের একটি পুরোনো জাহাজ কাটার সময় গতকাল বুধবার সকাল ১০টার দিকে বারোআউলিয়া এলাকায় মেসার্স সিকো স্টিল লিমিটেড নামের একটি ইয়ার্ডে দুজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা নিশ্চিত করা যায়নি।ওই জাহাজের ফিটার শ্রমিক মো. মনিরুল ইসলাম (৩৮) প্রথম আলোকে জানান, কাটার সময় ছোটখাট অগ্নিকাণ্ডে দুজন শ্রমিকের মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তবে ইয়ার্ডের মালিক নাজিম উদ্দিন দাবি করেন, দুজন আহত হওয়ার খবর ঠিক নয়। জাহাজ কাটার সময় নয়, লোহার পাত নামাতে গিয়ে জহির নামের একজন শ্রমিকের পায়ের নখ উল্টে গেছে। তিনি জাহাজ ভাঙা শিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সহসভাপতি।আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রপ্তানিকারক দেশের বর্জ্যমুক্ত সনদ ছাড়াই কেন জাহাজ আমদানি করছেন—এমন প্রশ্নের জবাবে নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমদানি বন্ধের নির্দেশে আমরা সাগরে ডুবে যাচ্ছিলাম। তাই ঝুঁকি নিয়ে জাহাজ এনেছি।’