৩০ ফুট খাদে বাস, মৃত্যু আটজনের
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায় একটি বাস ৩০ ফুট খাদে পড়ে আটজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত আটটা) পুলিশ ও ফায়ার সার্ভিস রেকার দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে। বাসের মধ্যে আরও মরদেহ থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও আহত যাত্রীদের সূত্রে জানা গেছে, ধানসিঁড়ি পরিবহনের রূপম নামের বাসটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। বিকেলে বিশ্বাসবাড়ি এলাকায় এলে চালক নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তায় না গিয়ে পুরোনো সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বাসটি প্রায় ৩০ ফুট খাদে পড়ে যায়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। রাজাপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পর মারা যান পাঁচজন। ওই তিনজনের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস রেকার দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করছে।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, ‘এখানে আটজনের মরদেহ আছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
নিহত লোকজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন বরিশালের আইনজীবী মুকুল রঞ্জন সিংহ (৬০), পটুয়াখালী জেলার লেবুখালীর শাওন (৩৫) ও তাঁর স্ত্রী কুলসুম (২৬) এবং বরিশালের মেহেন্দীগঞ্জের আবুল কালাম (৪৫)। অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশুর লাশ রয়েছে।
আহত লোকজনের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি আছেন জুলফিকার (৩৩), হাফিজুল (৩৪), রেজাউল (৪২), হায়দার (১৮), আতিক (৩০), আবু মালেক (৩২), নওশের (৩৭), শাহ আলম (৩৮) ও আইউব আলী (৪৬) এবং রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিহত শাওনের মা শিরিন আক্তারসহ চারজন। অন্যদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।