৩০ ফুট গভীর চৌবাচ্চায় পড়ে শিশুর মৃত্যু
ঢাকার আশুলিয়ার ভাদাইলে গত বৃহস্পতিবার ৩০ ফুট গভীর একটি চৌবাচ্চায় পড়ে ইয়াছিন নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা চার ঘণ্টা চেষ্টা করে তাঁর লাশ ওই চৌবাচ্চা থেকে উদ্ধার করেন।
ইয়াছিন ভাদাইলের জসিম উদ্দিনের ছেলে। এলাকার কয়েকজন বাসিন্দা, আশুলিয়ার থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভাদাইল এলাকার জহিরুল মিয়ার ছেলে রিজু ও অপু বাড়ির ময়লা পানি ফেলার জন্য কয়েক মাস আগে তাঁদের বাড়ি-সংলগ্ন রাস্তার পাশে ৩০ ফুট গভীর চৌবাচ্চা তৈরি করেন। এ চৌবাচ্চায় ১০ থেকে ১৫ ফুট পানি ছিল। ঢাকনা ছাড়া সেখানে বিদেশি মাগুর মাছের চাষ করা হচ্ছিল। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বন্ধুদের সঙ্গে খেলা করার সময় অসর্তকতাবশত ইয়াছিন ওই চৌবাচ্চায় পড়ে ডুবে যায়। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। তাঁরা ইয়াছিনকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পানি বেশি থাকায় তাঁকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পরে সেচযন্ত্রের সাহায্যে পানি সেচে ইয়াছিনকে সন্ধ্যা ছয়টার দিকে সেখান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গতকাল শুক্রবার ইয়াছিনের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। মামলায় জহিরুল ইসলাম, তাঁর দুই ছেলে রিজু ও অপুকে আসামি করা হয়েছে।
জসিম অভিযোগ করে বলেন, রাস্তার পাশে গভীর চৌবাচ্চা করে সেখানে উন্মুক্ত অবস্থায় মাছের চাষ করার কারণেই তাঁর ছেলে মারা গেছে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।