৩০ বছর ধরে ডাব বিক্রি করছেন মেছের আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারওয়ান বাজারে ডাব বিক্রি করছেন মেছের আলী। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
কারওয়ান বাজারে ডাব বিক্রি করছেন মেছের আলী। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

মেছের আলীর (৫০) বাড়ি জয়পুরহাটের মাহমুদপুর ইউনিয়নের ধুনতলা গ্রামে। ছয় ভাইবোনের মধ্যে তিনি বড়। অভাবের কারণে গ্রাম ছেড়েছেন ১৯৭৭ সালের দিকে। এরপর থেকে কারওয়ান বাজারই তাঁর ‘মূল ঠিকানা’। মেছের আলী এখানে ডাব বিক্রি করছেন প্রায় ৩০ বছর ধরে।

কারওয়ান বাজারেরজমজমাট হয়ে ওঠা চোখের সামনে দেখেছেন মেছের আলী। কারওয়ান বাজারের সেই সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেন, তখন কারওয়ান বাজারে ছিল মাটির রাস্তা। বড় কোনো অফিস ছিল না। রাস্তাঘাটে এত লোকজনও থাকত না।

মেছের আলী বলেন, জীবিকার তাগিদে ঢাকায় আসার পরই ডাব বিক্রি করতে শুরু করেন তিনি। প্রথম দিকে প্রতিটি ডাব বিক্রি হতো চার আনা থেকে আট আনায়। আর সেই ডাব এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

অভাবের তাড়নায় পড়াশোনা করতে পারেননি মেছের আলী। পড়াশোনার ‘মূল্য’ তিনি বোঝেন। তাই তাঁর স্বপ্ন ছেলেরা শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। মেছের আলীর তিন ছেলের মধ্যে বড় ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)। চাকরি করেন গাজীপুরে। ছোট ছেলে মাদ্রাসায় পড়ে। তবে মেজ ছেলের পড়াশোনা বেশি এগোয়নি। তিনি গ্রামের বাড়িতে কৃষিকাজ করেন। এ নিয়ে দুঃখবোধ আছে মেছের আলীর মধ্যে।

মেছের আলীর পরিবার থাকে গ্রামের বাড়িতে। তিনি কারওয়ান বাজারের পাশেই থাকেন। আরও তিনজন ডাব বিক্রেতাসহ একটি কক্ষে থাকেন। চারজনকে ভাড়া দিতে হয় ৩ হাজার ১০০ টাকা।

মেছের আলী জানান, কারওয়ান বাজারের আড়ত থেকে প্রতিদিন তিনি ২০০-২৫০টি ডাব কেনেন। বেশির ভাগ ডাব আসে বরিশাল, নোয়াখালী, যশোর ও জামালপুর থেকে। তবে বরিশাল ও নোয়াখালীর ডাব সবচেয়ে ভালো। এসব জায়গার ডাব দেখতে সুন্দর, আকারেও বড়। পানি মিষ্টি।

মেছের আলী বলেন, কারওয়ান বাজারে পাইকারি ডাব বিক্রি হয় শ হিসেবে। আকার অনুযায়ী ডাবের দাম কম-বেশি হয়। মাঝারি আকারের ১০০টি ডাব ২ হাজার ৫০০ টাকায় কেনেন। আর এসব ডাব প্রতিটি বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকা করে। তিনি জানান, ডাব কেনার জন্য প্রতিদিন ভোর পাঁচটা থেকে ছয়টার মধ্যে কারওয়ান বাজারে ট্রাকের সামনে থাকতে হয়। কেনার পর সকাল নয়টার দিকে বাজারের পার্কিংয়ের জায়গায় ডাব বিক্রি করতে বসেন। বিক্রি করেন রাত ১০টা পর্যন্ত।

মেছের আলী বলেন, গরমের সময় ডাব বিক্রি হয় বেশি। ওই সময় দিনে ৩০০-৪০০টি পর্যন্ত বিক্রি হয়। আর শীত কিংবা বর্ষাকালে বিক্রি হয় ১৫০-২০০টি।

মেছের বলেন, কারওয়ান বাজারে ব্যবসা করতে গেলে দিনে ১৫০ টাকা খরচ হয়। বিভিন্ন পর্যায়ের লোকজনকে এই টাকা দিতে হয়।

এই পেশায় কেন এলেন, চাকরির চেষ্টা করেননি কখনো? জানতে চাইলে মেছের বলেন, দেশে তো চাকরির বাজার খারাপ। অন্যদিকে ডাব বিক্রি করলে প্রতি মাসে সব খরচ বাদে কমপক্ষে ১৫ হাজার টাকা আয় হয়। চাকরির চেয়ে ডাব বিক্রি করা ভালো। এটা নিজের ব্যবসা, কষ্ট কম। যখন খুশি দেশের বাড়িতে যাওয়া যায়।