৩০ বছর পর অবৈধ স্থাপনাটি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের গেন্ডা এলাকায় ৩০ বছর পর অবশেষে একটি জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে পেরেছে প্রশাসন। তবে ওই জমির পাশে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের একটি জমির ওপর নির্মিত যুবলীগ নেতার অবৈধ মার্কেট ভাঙতে কোনো পদক্ষেপ নেয়নি। সওজের অভিযোগ, লিখিত আবেদনের পরও উপজেলা প্রশাসন মার্কেটটি না ভেঙে ফিরে যায়।সাভার উপজেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে সাভার উপজেলার পূর্ব ভবানীপুর মৌজার ৬০ শতাংশ জমি পরিত্যক্ত বলে ঘোষিত হয়। কিন্তু খলিলুর রহমান নামের এক ব্যক্তি ওই জমি দখল করে সেখানে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করে ভাড়া দেন। জেলা প্রশাসন অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নিলে জমির মালিকানা দাবি করে ১৯৮২ সালে আদালতে মামলা করেন খলিলুর। পরে তিনি মামলায় হারলে জেলা প্রশাসন পুনরায় উচ্ছেদের নোটিশ দেন। কিন্তু খলিলুরের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৯৯১ সালে উচ্ছেদ আদেশ স্থগিত করে দেন। পরে ২০০৬ সালে ওই স্থগিতাদেশ খারিজ করে দেন হাইকোর্ট। খলিলুর ওই আদেশের নথি গায়েব করে জেলা ও উপজেলা প্রশাসনকে ধোঁকা দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন চেষ্টা করে ওই আদেশের কপি সংগ্রহ করে গত বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেন। সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর রাশেদ। সহকারী কমিশনার আবু জাফর রাশেদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ২৩টি দোকানসহ শতাধিক ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানের মধ্য দিয়ে সরকারের প্রায় ১২০ কোটি টাকার সম্পদ উদ্ধার হলো।উদ্ধার করা ওই জমির পাশেই ছিল সওজের মালিকানাধীন আরও প্রায় ১০০ কোটি টাকার বেদখল হওয়া জমি। ওই জমিটি উদ্ধার না করা প্রসঙ্গে আবু জাফর বলেন, ‘জেলা প্রশাসনের আদেশ পেলেই ওই জমির ওপর নির্মিত অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হবে।’ সওজ সূত্রে জানা গেছে, সাভার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম গেন্ডায় ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন সওজের মালিকানাধীন প্রায় দুই বিঘা জমি দখল করে মাস দেড়েক ধরে সেখানে মার্কেট নির্মাণ করছেন। ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ থেকে ৫০ হাজার টাকা জামানত নিয়ে ওই মার্কেটের একেকটি ঘরও বরাদ্দ দিচ্ছেন। আমিনুল কিছু দোকান থেকে ভাড়া তোলাও শুরু করেছেন বলে জানান ব্যবসায়ীরা। অবৈধভাবে মার্কেট নির্মাণ করায় ঢাকা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুল জলিল প্রামাণিক যুবলীগের নেতা আমিনুলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গত ২৫ জুন সাভার থানায় লিখিত অভিযোগ দেন। সওজ কর্মকর্তারা জানান, থানায় অভিযোগ দেওয়ার পাশাপাশি অবৈধ মার্কেট উচ্ছেদে সহায়তা চেয়ে তাঁরা ঢাকার জেলা ও সাভার উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন। এর পরও তাদের আইনগত কোনো সহায়তা করা হচ্ছে না। এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী আবদুল জলিল প্রামাণিক জানান, লিখিত আবেদনের পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন সরদার বৃহস্পতিবার মার্কেটটি ভাঙতে গিয়েও অজ্ঞাত কারণে না ভেঙে ফিরে আসেন। এ প্রসঙ্গে ইউএনও মো. কবীর হোসেন বলেন, সওজের আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কেটটি উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। খুব শিগগির আবার উচ্ছেদ অভিযান চালানো হবে।