৩০ বছর পর আজ ফের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩০ বছর পর ফের কুষ্টিয়া মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে যাচ্ছে আজ শনিবার। প্রথমবার ১৯৮০ সালে কুষ্টিয়ার হাউজিং এলাকায় তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছিলেন। আর আজ দ্বিতীয়বারের মতো ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮০ সালে কুষ্টিয়া কলেজের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়েছিল। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার যে স্থানে কলেজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছিল, বর্তমানে সেখানে আবাসিক এলাকা গড়ে উঠেছে। এবার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে হাউজিং কর্তৃপক্ষের ৩০ একর জমিতে কলেজের স্থান নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওই জমি এখনো সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়নি। বরাদ্দ করা হয়নি কোনো অর্থ। কুষ্টিয়ার সুধীজনদের মতে, শুধু ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এ বছর থেকেই এখানে ছাত্রছাত্রী ভর্তি করা প্রয়োজন। কারণ প্রথম ভিত্তিপ্রস্তুর স্থাপনের পর তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং কলেজ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতির বাস্তবায়ন আর হয়নি। কুষ্টিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ আব্দুর রউফ চৌধুরী বলেন, শুধু ভিত্তিপ্রস্তর নয়, অবিলম্বে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ দেখতে চায় কুষ্টিয়াবাসী। এ বিষয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ভূমি হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং বরাদ্দের বিষয়টি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আজগার আলী বলেন, আওয়ামী লীগ বাস্তবায়নের রাজনীতি করে। বগুড়া মেডিকেল কলেজের আদলে কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণ করা হবে বলে জানান তিনি। এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না জেলা থেকে নির্বাচিত মহাজোটের চারজন সাংসদ। এ নিয়ে আওয়ামী নেতারা ছাড়াও মহাজোট নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।জেলা জাসদের সভাপতি মহসিন আলী বলেন, মহাজোট নেতাদের মতামত উপেক্ষা করেই আওয়ামী লীগের স্থানীয় কতিপয় নেতা এ কাজটি করছেন। পোস্টারে চার সাংসদ ও শরিক দলের প্রথম সারির নেতাদের নাম রাখার সিদ্ধান্ত হলেও তা করা হয়নি। জাতীয় পার্টির সাবেক সাংসদ বদরুদ্দোজা বলেন, সবার মতামত ও সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান করলে ভালো হতো। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের প্রবীণ এক নেতা জানান, দলের অনেক নেতাকেই দাওয়াত করা হয়নি। যাদের মুখ দিয়ে কোনো দিন মেডিকেল কলেজের নাম উচ্চারিত হয়নি, তাঁরাই এখন বাস্তবায়ন কমিটির নেতা সেজে গেছেন।এ ব্যাপারে আজগার আলী বলেন, ‘নামের সিরিয়াল নিয়ে এমপিরা কথা তোলেন। তাই কারও নাম দেওয়া হয়নি। তবে সবাইকে চিঠি দিয়ে দাওয়াত করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা যেখানে থাকছেন সেখানে এমপিদের নাম না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না।’