৩০ বছর পর ভৈরব যুবদলের সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর পর আজ বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ থেকে ৩৪ বছর আগে, ১৯৭৯ সালে উপজেলা যুবদলের সম্মেলনে কমিটি গঠন করা হয়। এর চার বছর পর ওই কমিটি ভেঙে দেওয়া হয়। তার পর থেকে আর সম্মেলন হয়নি।

এই সময়ে দলের কার্যক্রম চলে আহ্বায়ক কমিটি দিয়ে। দুই সপ্তাহ আগে আহ্বায়ক কমিটি সম্মেলনের তারিখ ঘোষণা করে। এর পর থেকে নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য ফিরে আসে। দুটি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন আহ্বান করা হবে।

বর্তমানে প্রত্যেক প্রার্থী বিরামহীনভাবে দলীয় ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন এবং নেতৃত্বের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। সম্মেলন সফল করার জন্য উপজেলা যুবদলের আহ্বায়ক নবী হোসেন ও পৌর যুবদলের আহ্বায়ক আবদুর রশিদকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন আরিফুল হক, দেলোয়ার হোসেন, ফজলুর রহমান ও মোবারক হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হেদায়েত উল্লাহ, আল মামুন ও জিল্লুর রহমান। পৌর কমিটির সভাপতি পদে লড়াই করছেন তিনজন। তাঁরা হলেন মাহিন সিদ্দিকী, নাসির মোল্লা ও হানিফ মাহমুদ। একই কমিটির সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন ও মো. আরমান প্রতিদ্বন্দ্বিতায় আছেন। উপজেলা যুবদলে ৬১২ জন এবং পৌর কমিটিতে ৩৫৭ জন প্রতিনিধি ভোট দেবেন। স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিএনপির কেন্দ্রীয় পর্ষদের নির্বাহী সদস্য শরীফুল আলম সম্মেলনে প্রধান অতিথি থাকবেন।

আবদুর রশিদ বলেন, সমেঞ্চলনের প্রস্তুতি শেষ হয়েছে। সমেঞ্চলনে জেলা নেতারা উপস্থিত থাকবেন।