চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান কাল বৃহস্পতিবার শুরু হবে। সমিতি প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ ও সমিতির প্রধান পৃষ্ঠপোষক মো. আইয়ুব ভূঁইয়া অনুষ্ঠানের উদ্বোধন করবেন। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক এম সামশুল হক। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার বেলা আড়াইটায় কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এরপর শোভাযাত্রা বের করা হবে। বেলা তিনটায় কলেজ প্রাঙ্গণে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদান কর্মসূচি চলবে। শনিবার সমাপনী অনুষ্ঠান হবে নগরের জিইসি মোড়ের জিইসি কনভেনশন সেন্টারে। দিনব্যাপী এ অনুষ্ঠানে সকালে পিঠা উৎসব, আড্ডা, দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এবং বিকেলে স্মৃতিচারণা, আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হবে। শুক্রবার কোনো কর্মসূচি নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে দেশে ও সমাজে এক অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে। বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, স্নেহ ও ভালোবাসা মানুষের মূল্যবোধকে জাগ্রত করে। সম্প্রীতির সুবাতাস প্রবাহিত করাই হচ্ছে এবারের পুনর্মিলনী আয়োজনের মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, সহসভাপতি আবুল হাশেম ও মো. খায়রুল বশর চৌধুরী, উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ হারুন ইউসুফ ও সদস্যসচিব মো. মাহবুবুল ইসলাম, সিটি করপোরেশনের কাউন্সিলর ও কলেজের প্রাক্তন ছাত্র হাসান মুরাদ প্রমুখ।