৩০ বছর সংস্কার হয় না কলাদী সড়ক, দুর্ভোগ

১৯৮৫ সালে পাকা করা হয় এক কিলোমিটার সড়ক। দুই-তিন বছর পরই এর অধিকাংশ জায়গার পিচঢালাই উঠে যায়। হয়ে পড়ে যানবাহন চলাচলের অনুপযোগী। এরপর ৩০ বছর পার হয়ে গেলেও এটি আর সংস্কার করা হয়নি। এতে পৌরসভার ৪০ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।
এই চিত্র কলাদী সড়কের। এটি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌরসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সড়ক। ১০ থেকে ১২ বছর ধরে এর অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। সড়কটি দিয়ে এখন হেঁটে চলাও কষ্টকর।
গতকাল মঙ্গলবার সড়কটির পশু হাসপাতালের মোড় থেকে সিঙ্গাপুর প্লাজা এলাকা পর্যন্ত গিয়ে দেখা যায়, এর সব অংশের পিচঢালাই উঠে সরে গিয়ে ইট, বালু ও খোয়া বের হয়ে আছে। বিভিন্ন অংশে রয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সেখানে বৃষ্টির পানি জমে আছে। ১৫ থেকে ১৬টি স্থান দেবে গেছে। সে কারণে যান চলাচল ও হেঁটে পথচলা বিপজ্জনক। এরপরও ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।
পৌরসভার কার্যালয় সূত্র জানায়, ১৯৮৫ সালের মাঝামাঝি সময়ে এক কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকা হয়। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সড়কটির দুই পাশে ২০ হাজার লোক বাস করে। পূর্ব, দক্ষিণ ও মধ্য কলাদী, ভাঙ্গারপাড়, দশপাড়া, বোয়ালিয়া, দূরগাঁও, ধনারপাড়, নাগদা, পূর্ব ও দক্ষিণ বাইশপুরসহ ২০ গ্রামের ৪০ হাজার মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করেন। সড়কটি দিয়ে যাওয়ার সময় অটোরিকশা, মাইক্রোবাস গর্তে আটকে যায়। এতে মাঝমধ্যে দুর্ঘটনাও ঘটে।
মধ্য কলাদী এলাকার বিপুল চন্দ্র সাহা বলেন, সড়কটি প্রায় ৩০ বছর ধরে যান চলাচলের অনুপযোগী। রিকশাচালকেরাও এ পথে যেতে চান না। সড়কটির ব্যাপারে কিছু বললে পৌর কর্তৃপক্ষ ‘টেন্ডার-ওয়ার্ক অর্ডার হয়েছে, কাজ শুরু হচ্ছে-হবে’—জাতীয় কথা বলে।
রিকশাচালক সম্রাট হোসেন বলেন, ‘হেনো গাড়ি চালাই না। গাড়ি লইয়া গেলে চাক্কা নষ্ট অয়। কোমর ব্যথা করে।’
দক্ষিণ কলাদী এলাকার সালমা আক্তার বলেন, বৃষ্টি হলে সড়কটির গর্তগুলোয় পানি ও কাদা জমে। স্কুলের শিক্ষার্থী ও নারীরা পথচলায় বেশি দুর্ভোগে পড়েন।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী নাজমুল জিসান বলেন, সড়কের শেষ সংস্কার কবে হয়েছিল, তা বলতে পারবেন না। প্রায় ৩০ বছর ধরে এটি সংস্কারহীন। বরাদ্দের অভাবে সংস্কার করা যায়নি।
পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, সড়কের সংস্কারে ৩৩ লাখ ৪৮ হাজার টাকার বরাদ্দ পাওয়া গেছে। বর্ষার পর সংস্কার শুরু হবে।