৩০ বছরেও আধুনিকায়ন হয়নি মৎস্য অবতরণকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রটি ৩০ বছরেও আধুনিকায়ন ও সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখানে মাছ প্রক্রিয়াজাতকরণ ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। এ কারণে মাছের গুণগত মান সংরক্ষণ করতে না পেরে বছরে কোটি কোটি টাকার লোকসান দিতে হচ্ছে মৎস্য ব্যবসায়ীদের।মৎস্যজীবীরা জানান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১৯৮১ সালে পাথরঘাটায় প্রায় নয় একর জমির ওপর অবতরণকেন্দ্রটি প্রতিষ্ঠা করে। এখানে মাছের প্রক্রিয়াজাতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, উন্নত যোগাযোগব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপন ও আধুনিক সুযোগ-সুবিধা গড়ে না ওঠায় রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবতরণকেন্দ্রের দুটি বরফকলের একটি প্রায় চার বছর ধরে অকেজো থাকায় জেলে ও ব্যবসায়ীরা ন্যায্য মূল্যে বরফ পাচ্ছেন না। পাশাপাশি হিমাগার দুটিও অকেজো পড়ে আছে প্রায় আট বছর। সংরক্ষণের অভাবে মাছ পচে লোকসানের শিকার হচ্ছেন মৎস্যজীবীরা। অবতরণকেন্দ্রে তালিকাভুক্ত মৎস্য আড়তদার আছেন ৬৩ জন। এখানে সরকারিভাবে নির্মিত ভবনে আড়তদারদের জন্য ঘর আছে ২৭টি। বাকি ৩৬ জন রাস্তার পাশে ফুটপাতে জীর্ণ ঘর তুলে মাছ কেনাবেচা করছেন।মৎস্যজীবীরা আরও জানান, পর্যাপ্ত জেটি না থাকায় প্রতিদিন অবতরণকেন্দ্রে আসা মাছবোঝাই শত শত ট্রলার নোঙর করতে পারছে না। কারণ, এখানে মাত্র ১০টি ট্রলার নোঙর করার ক্ষমতাসম্পন্ন একটি জরাজীর্ণ জেটি রয়েছে। অবতরণকেন্দ্রের নিলাম শেডটি অপরিচ্ছন্ন। বিএফডিসির প্রশাসনিক ভবন জরাজীর্ণ।জেলা ট্রলার মলিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এ বন্দরে প্রতিদিন কোটি কোটি ঢাকার লেনদেন হয়। অনেক সময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ডিডি-টিটির অনুকূলে প্রয়োজনীয় অর্থ স্থানীয় ব্যাংকগুলো সরবরাহ করতে পারে না। তাই এ কেন্দ্রে বাণিজ্যিক ব্যাংকের একটি শাখা স্থাপন খুবই প্রয়োজন। মাছের গুণগত মান রক্ষার জন্য এখানে কোনো সুযোগ-সুবিধা গড়ে তোলা হয়নি। এ কারণে প্রতিবছর হাজার হাজার মণ মাছ নষ্ট হয়।জেলা মৎস্য পাইকার সমিতির সভাপতি সাফায়েত হোসেন মুন্সি জানান, এ অবতরণকেন্দ্র থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পায়। এ ছাড়া এখান থেকে মাছ রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আয় করা হলেও এ বন্দরের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগব্যবস্থা নাজুক। তিনি আরও বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় মাছবাহী শত শত ট্রাক নির্ধারিত সময়ে আসা-যাওয়া করতে পারে না। এতে মাছের গুণগত মান ঠিক থাকে না এবং ব্যয় বেড়ে যায়। এ কারণে প্রতিদিন আমাদের লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে।’পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ‘এ কেন্দ্রের নানা সমস্যার ব্যাপারে আমি লিখিতভাবে বিএফডিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, আগামী মাসের মধ্যে দুটি নতুন জেটি স্থাপন করতে পারব। ব্যাংকের শাখা করার ব্যাপারেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রশাসনিক ও আড়তদার ভবন সংস্কার ও সম্প্রসারণের বিষয়টি বিবেচনাধীন আছে।’