সড়কজুড়ে বড় বড় গর্ত। প্রকল্প এলাকায় ভবনের পরিবর্তে আছে টিন ও কাঁচা ঘর। বৈদ্যুতিক খুঁটিও আছে। তাতে তার নেই। সূর্য ডুবলেই অন্ধকার নামে এলাকাজুড়ে। দেখে মনে হতেই পারে যেন কোনো অজপাড়াগাঁ। আদতে এটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সিলিমপুর আবাসিক এলাকার চিত্র। গত ৩০ বছরে এতটুকু এগোয়নি এ প্রকল্পের উন্নয়নের কাজ। চউকের আলোচিত এ প্রকল্পের অবস্থান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ভাটিয়ারি ও ভাটিয়ারি মৌজায়।
পরিপূর্ণ অবকাঠামো গড়ে না উঠলেও এই প্রকল্পের পূর্ব ও পশ্চিমের বর্ধিতাংশের অধীনে নতুন করে আরও ২৭০টি তিন ও চার কাঠা আয়তনের প্লট বরাদ্দের বিজ্ঞপ্তি দিয়েছে চউক। প্রতি কাঠার দাম রাখা হয়েছে ১০ লাখ টাকা। অবশ্য এই বিজ্ঞপ্তি প্রকাশের এক সপ্তাহের মধ্যে পশ্চিম অংশের ২০০টির বরাদ্দ কার্যক্রম স্থগিত ঘোষণা করে চউক।
এর আগে এ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় এক হাজার ২০০টি প্লট। এর মধ্যে মাত্র ২৫-৩০টি প্লটে ভবন নির্মিত হয়েছে। কিছু অংশে রাস্তার অভাবে বাড়ি নির্মাণ করতে পারছেন না প্লট পাওয়া ব্যক্তিরা।
এ প্রসঙ্গে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প এলাকায় বেশি বাড়িঘর তৈরি হয়নি। তাই কিছুটা পরিত্যক্ত মনে হচ্ছে। তবে মানুষের হাত পড়লে সব ঠিক হয়ে যাবে। আবাসিক এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে।’
চউক সূত্রে জানা গেছে, ১৯৬০-৬১ এবং ১৯৮০-৮১ সালে দুই দফায় সিলিমপুর প্রকল্পের জন্য ১৯৬ একর জমি অধিগ্রহণ করা হয়। ১৯৮৫ সালে এ প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া শুরু হয়। গত শনিবার দুপুরে প্রকল্প এলাকা সরেজমিনে দেখা গেছে, বড় বড় গর্তের কারণে গাড়ি নিয়ে তো দূরের কথা, হেঁটেই ঢোকার সড়ক পার হওয়া দায়। পানির স্রোতে প্রকল্পের ১ নম্বর সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। গত বছর এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার কোথাও কোথাও দেবে গেছে। এ ছাড়া কল্যাণ সমিতির কার্যালয়ের পাশে এবং প্রকল্প এলাকার পশ্চিম পাশে মাটি সরে গিয়ে নালা ধসে পড়েছে খালে।
প্রকল্প এলাকার পূর্ব পাশের লেকের ধারে বাড়ি নির্মাণ করেছেন রুমী চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, চোরেরা বৈদ্যুতিক খুঁটির তার চুরি করে নিয়ে গেছে অনেক আগেই। নিজের টাকায় তার কিনে বিদ্যুৎ-সংযোগ দিতে হয়েছে।
সিলিমপুর আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরজু খান বলেন, ‘প্রকল্প এলাকায় নাগরিক সুবিধা বলতে কিছুই নেই। এখনো গ্যাস ও পানির সংযোগ পাইনি। পুলিশ ফাঁড়ি না থাকায় নিরাপত্তাহীনতায় বসবাস করতে হচ্ছে আমাদের।’
প্রকল্প এলাকার ১ নম্বর সড়কের পশ্চিম পাশে বিদ্যালয় ও শিশুপার্কের জন্য জমি বরাদ্দ রয়েছে। দীর্ঘদিন খালি পড়ে থাকায় শিশুদের কোলাহলের বদলে তা গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। তবে শিগরিরই বিদ্যালয় নির্মাণ করা হবে বলে জানিয়েছেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম।
এদিকে ৮৯৭ নম্বর প্লট পাওয়া শৈবাল বড়ুয়া বলেন, ‘কাগজে-কলমেই প্লট বরাদ্দ পেয়েছি। কিন্তু সেখানে যাতায়াতের রাস্তা পর্যন্ত নেই। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়ি নির্মাণ করতে পারছি না।’