৩০ বছরেও কাজে আসেনি এখন ধসে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশে ধানের খেত। কোথাও কোথাও চোখে পড়ে কাঁচা রাস্তার চিহ্ন। এর মধ্যে দাঁড়িয়ে আছে চারটি জীর্ণশীর্ণ সেতু। ৩০ বছর আগে নাটোরের হালতি বিলে এসব সেতু ও রাস্তা নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। স্থানীয় কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের শুষ্ক মৌসুমে চলাচলের জন্য এগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু নির্মাণের পর রাস্তাটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সেতুগুলো আর কাজে আসেনি। এগুলো সংস্কারের উদ্যোগ নেয়নি পাউবো। এ কারণে স্থানীয় লোকজন জেলাশহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে গিয়ে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। একই সঙ্গে এ সেতুগুলো ধসে যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছে।পাউবো নাটোর কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর জেলাশহর থেকে ১৪ কিলোমিটার উত্তরে হালতি বিলের মধ্যে মাধনগর ও খাজুরা গ্রাম। বর্ষা মৌসুমে ওই বিলে পানি থাকায় ওই দুই গ্রামের লোকজন নৌকায় চলাচল করেন। শুষ্ক মৌসুমে এ বিলে পানি থাকে না। এ মৌসুমে এই দুই গ্রামসহ আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষের যাতায়াতের জন্য ১৯৮১ সালে পাউবো মাধনগর-খাজুরা সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। এ জন্য প্রথমে ওই স্থানে একটি কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য সাড়ে নয় কিলোমিটার এবং প্রস্থ ১৩ ফুট। এরপর পাউবো চলনবিল প্রকল্পের অধীনে এ সড়কে চারটি সেতু নির্মাণ করে।পাউবো সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে মাটির কাজ শেষ হওয়ার পরপরই বৃষ্টির পানির চাপে রাস্তাটি বিলীন হয়ে যায়। ফলে সেতুগুলো আর যাতায়াতের জন্য ব্যবহার করা হয়নি। ৩০ বছর ধরে এগুলো ফাঁকা মাঠের মধ্যে শুধুই দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় ইট ও রড খুলে পড়ছে। অনেকে এগুলো খুলে নিয়ে যাচ্ছে। যেকোনো সময় সেতুগুলো ধসে পড়তে পারে। এ কারণে সেতুর পাশ দিয়ে এলাকার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।স্থানীয় নুরিয়াগাছা গ্রামের কৃষক নবীর উদ্দিন অভিযোগ করেন, নির্মাণের কয়েক মাস পর সড়কটি বন্যার পানিতে তলিয়ে যায়। এরপর আর ওই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। এ ব্যাপারে বিভিন্ন সময় এমপি ও মন্ত্রীরা আশ্বাস দিয়েছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি।খাজুরা গ্রামের সাদেক আলী বলেন, ‘এসব সেতু আমাদের কোনো কাজেই আসেনি। সরকারের টাকাগুলো পানিতে গেছে।’ ভট্টপাড়া গ্রামের জাহেদ আলী বলেন, এখন আর সড়কের কোনো অস্তিত্ব নেই। তাই কেউ কেউ রাস্তা দখল করে ধানের আবাদ করেছেন। আর সেতুর ইট খুলে অনেকেই বাড়ি নিয়ে গেছেন।পাউবোর নাটোর কার্যালয় সূত্রে জানা গেছে, চলনবিলের মধ্যে অবস্থিত হালতি বিলের উন্নয়নের জন্য ২০০৭ সালে একটি প্রকল্প প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর আওতায় নয়টি রেগুলেটর, পাঁচটি সেতু, ২২০ কিলোমিটার খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। এর মধ্যে মাধনগর-খাজুরা সড়ক নির্মাণ এবং সেতু ও কালভার্ট মেরামত করার কথা উল্লেখ করা হয়েছে।পাউবোর নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ধীরেন্দ্রনাথ সরকার বলেন, মন্ত্রণালয় থেকে অনুমোদন ও বরাদ্দ পেলেই মাধনগর-খাজুরা সড়ক ও চারটি সেতু নতুন করে নির্মাণ করা হবে।