সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড আগামী ৩০ বছরের জন্য মৌলভীবাজারের কমলগঞ্জের নন্দরানী চা-বাগানের ইজারা পেয়েছে। ইজারা নবায়নের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় থেকে বন্দোবস্ত দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে এ নির্দেশনা পালন করে মন্ত্রণালয়কে জানাতে চা-বাগানের বর্তমান নিয়ন্ত্রক জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন।নন্দরানী চা-বাগানের মালিকানা দাবিদার দুই পক্ষের সংঘর্ষ হয় গত ১০ ফেব্রুয়ারি। এতে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের একজন ও মালিক দাবিদারদের পক্ষে হামলাকারীদের একজন নিহত ও ২৫ জন আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা ও পাল্টা মামলা করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন গত ১০ ফেব্রুয়ারি থেকে বাগানে ১৪৪ ধারা জারি করে রেখেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শামসুল আরেফীন স্বাক্ষরিত একটি নির্দেশনাপত্রের অনুলিপি এসে পৌঁছে নন্দরানী চা-বাগানের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরীর কাছে। এতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে পাঠানো নির্দেশনাপত্রে বলা হয়, ‘২০১১ সালে আমিনুল ইসলাম চৌধুরী নন্দরানী চা-বাগান বন্দোবস্ত নবায়নের জন্য যে আবেদন করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে আগামী ৩০ বছরের জন্য তাঁর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডকে বন্দোবস্ত প্রদান করা হলো। আগামী এক সপ্তাহের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে মৌলভীবাজারের জেলা প্রশাসককে অনুরোধসহ নির্দেশ দেওয়া হলো।’সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম চৌধুরী জানান, তিনি গতকাল এ-সংক্রান্ত একটি অনুলিপি পেয়েছেন। তবে গতকাল বিকেলে যোগাযোগ করা হলে মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ভূমি মন্ত্রণালয়ের ওই নির্দেশনাপত্র হস্তগত হয়নি বলে জানান। জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, ‘আমি বর্তমানে সরকারি কাজে ঢাকায় অবস্থান করছি। ভূমি মন্ত্রণালয়ের উপসচিবের পাঠানো নির্দেশনাপত্রটি আমার হাতে আসেনি। এ সম্পর্কে অবহিতও নই। কর্মস্থলে (মৌলভীবাজার) ফিরে এ নির্দেশনাপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’তদন্ত প্রতিবেদন জমা: নন্দরানী চা-বাগানে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের তদন্ত সম্পন্ন হয়েছে। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল ইসলামকে প্রধান করে গঠিত তিন সদস্যের তদন্ত দল পাঁচ দিন তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন তৈরি করে। গত ১৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজির কাছে জমা দেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার গতকাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। তবে তদন্ত প্রতিবেদনে উল্লিখিত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।