৩০ বছরের দুঃখ ঘোচাল বাঁশের সেতু
নদীটির নাম সাগরখালী। এটি কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নকে ঝাউদিয়া ও পাটিকাবাড়ি ইউনিয়ন থেকে আলাদা করেছে। প্রায় ৩০ বছর ধরে পাটিকাবাড়ি ও ঝাউদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষকে ৮-৯ কিলোমিটার পথ ঘুরে আইলচারা ইউনিয়ন ও পাশের পোড়াদহ এলাকায় যেতে হতো। ওপারে হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় তাদের কষ্ট করে হলেও এখানে আসতে হতো। ওই নদীর ওপর আগে বাঁশের তৈরি ছোট একটি সাঁকো ছিল। সেই সাঁকো দিয়ে লোকজন ও কৃষকেরা তাঁদের পণ্যসামগ্রী ঝুঁকি নিয়ে চলাচল করতেন। এতে প্রায়ই ঘটত দুর্ঘটনা। তাঁদের ওই কষ্ট দূর করতে এগিয়ে আসেন এক তরুণ। তাঁর নেতৃত্বে তৈরি করা হয় একটি বাঁশের বড় সেতু। সেতুটি হওয়ায় তাঁদের ৩০ বছরের দুঃখ-দুর্দশা দূর হয়েছে। এখন কৃষকেরা সহজেই তাঁদের পণ্যসামগ্রী ওপারে নিতে পারেন। শিক্ষার্থীরা যেতে পারে বিদ্যালয় ও কলেজে। নতুন করা সেতুটির দৈর্ঘ্য ২২০ ফুট, প্রস্থ ১০ ফুট। গত রোববার দুপুরে সাঁকোটি সবার জন্য খুলে দেওয়া হয়। যে তরুণের নেতৃত্বে সেতুটি নির্মাণ করা হয়েছে তাঁর নাম মো. সাগর আলী। তাঁর বাড়ি পাটিকাবাড়ি ইউনিয়নের নান্দিয়া গ্রামে। পাঁচ বছর আগে স্থানীয় তরুণেরা এ গ্রামে ভালো কাজের উদ্দেশ্যে ‘সোনার বাংলা’ নামে একটি ক্লাব তৈরি করেন। সাগর আলী এ ক্লাবের সভাপতি। ক্লাবের সদস্যসংখ্যা ৪০ জন। তাঁদের নিয়েই প্রথমে সেতু তৈরির উদ্যোগ নেন তিনি। সাগরের মুখেই শোনা যাক সেতু তৈরির গল্প। সাগর জানান, তিন বছর আগে সিদুরঘাটে আগের জীর্ণশীর্ণ সাঁকো পার হওয়ার সময় এক বৃদ্ধা পানিতে পড়ে যান। সেই সময় থেকেই তিনি একটি বড় ও মজবুত সেতু তৈরির চিন্তা করতে থাকেন। কিন্তু অর্থের অভাবে এগোতে পারছিলেন না। এ নিয়ে ক্লাবের অন্য সদস্যদের নিয়ে নিয়মিত পরিকল্পনা ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। এরপর এলাকার লোকজনের কাছ থেকে তাঁরা বাঁশ ও অর্থ সংগ্রহ করতে শুরু করেন। চলতি বছরের মার্চের মাঝামাঝি তিনি সাঁকোর একটি নকশা তৈরি করেন। ২১ দিনে ক্লাবের সদস্যদের স্বেচ্ছাশ্রম, ৬০ জন শ্রমিকের শ্রম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় সাঁকোর কাজ শেষ হয়। পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফর আলী বলেন, এ রকম একটা কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। আইলচারা ইউপির চেয়ারম্যান সামসুদ্দিন বিশ্বাস বলেন, ‘আমরা জনপ্রতিনিধিরাও একটু সাহায্য করেছি। তবে তরুণদের উদ্যোগ খুবই প্রশংসনীয়।’ ইউএনও মমতাজ বেগম বলেন, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের (টিআর) একটি প্রকল্পের আওতায় সেতু তৈরিতে এক মেট্রিক টন গম বরাদ্দ দিয়ে নিজেকে এ কাজের সঙ্গে সম্পৃক্ত করতে পেরে আনন্দ লাগছে।