৩০ বসতভিটা, দেড় একর আবাদি জমি তিস্তায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে উপজেলার সাউদপাড়া এলাকার ৩০টি বসতভিটা ও প্রায় দেড় একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তিস্তা প্রতিরক্ষা বাঁধটি হুমকির মুখে রয়েছে।
সাউদপাড়া এলাকার আমজাদ হোসেন বলেন, ‘কিছুদিন আগে তিস্তার ভাঙন দেখা দেয়। এ সময় এলাকাবাসী প্রতিরক্ষা বাঁধ রক্ষার চেষ্টায় এই এলাকা থেকে প্রায় ২০০ গজ দূরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের পাইলিং করেছে এবং বালুর বস্তা ফেলেছে। এখন নতুন করে এই এলাকা ভাঙছে।’
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া এলাকায় প্রতিরক্ষা বাঁধের বাইরে নদীপারে ২০টি পরিবারের বাড়িঘর। তীব্র স্রোত ও ঢেউ আছড়ে পড়ায় নদীর পাড় ভেঙে ভেঙে পড়ছে। আর ৩০-৪০ গজ ভাঙলেই বাড়িঘরগুলো বিলীন হয়ে যাবে এবং প্রতিরক্ষা বাঁধ ভাঙনের কবলে পড়বে।
এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহে ৩০টি পরিবারের বসতভিটাসহ প্রায় দেড় একর জমি নদীতে বিলীন হয়েছে। অবশিষ্ট ২০টি পরিবার চরম আতঙ্কে আছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত শিক্ষক আবুল কালাম বলেন, অনেক বছর পর এই এলাকায় নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এই এক সপ্তাহে আমার এক একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।’ কৃষক আমজাদ হোসেন বলেন, ‘এক সপ্তাহ আগে ৩৫ শতক আবাদি জমি নদীত চলি গেল। বসতভিটেখানও চলি যাওয়ার অবস্থা হইছে।’ কৃষক সামসুল মিয়া, ফজলে মিয়াসহ আরও সাত-আটজন একই রকম অবস্থার কথা জানান।
এদিকে ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছেন শফিকুল ইসলাম, দুলাল মিয়া, আলতাব হোসেনসহ কয়েকজন।
কোলকোন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেছি। এই এলাকায় ভাঙন রোধে অবিলম্বে কাজ করা না হলে যেকোনো সময় নদী মূল বাঁধে আঘাত হানতে পারে। ইতিমধ্যে স্থানীয় সাংসদ এই ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে গেছেন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পাউবো রংপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান বলেন, নদীতে পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভাঙন শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।