৩০ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদ তাঁদের ১০ দফা দাবি পূরণে সরকারকে ৩০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। ওই সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন সংগঠনের নেতারা। তাঁরা বলেন, ৩০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পরিষদের নেতারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন।গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা জানান, ৩০ মার্চের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি করা হবে। এ ক্ষেত্রে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।গত ৫ জানুয়ারি সমাবেশ করে পরিষদের নেতারা ১০ দফা দাবি পেশ করেন। একই দাবিতে ১ মার্চ দেশের সব উপজেলায় এবং ১৫ মার্চ সব জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ অভিযোগ করেন, কয়েকজন আমলার কারণেই উপজেলা পরিষদ কার্যকর হচ্ছে না। উপজেলা নির্বাচনের পর সরকার একটি পরিপত্র জারি করলেও আমলাদের কারণে ১৪ মাসেও তা কার্যকর হয়নি। আবদুল মজিদ আরও বলেন, ‘সাংসদরা সংসদে গিয়ে তাঁদের কথা বলতে পারেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা জেলা প্রশাসকের কার্যালয়ে কথা বলতে পারেন। কিন্তু আমাদের কথা বলার কোনো জায়গা নেই।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক, ফাতেমা মনির, মোজাহেদুর রহমান প্রমুখ।