৩০ মার্চের মধ্যে সম্পন্নের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি রাগীব আলীর ছেলে আবদুল হাইয়ের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে ৩০ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বুধবার মামলার ধার্য করা তারিখে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এ নির্দেশ দেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলার রায় ঘোষণার জন্য গত ২৬ ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল। ২৩ ফেব্রুয়ারি উচ্চ আদালত থেকে রায় ঘোষণা স্থগিত রেখে রাগীব আলীর ছেলের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়।
সরকারি কৌঁসুলি আরও জানান, রাগীব আলীর ছেলের মানসিক স্বাস্থ্য পরীক্ষা একজন নিওরোসার্জনকে দিয়ে সম্পন্ন করতে আদালত নির্দেশ দিয়েছেন। ৩০ মার্চ এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হলে মামলার পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়। উচ্চ আদালতের নির্দেশে এ দুটি মামলার নতুন করে তদন্ত শেষে সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে বিচারকাজ শুরু হয়। এর মধ্যে গত ২ ফেব্রুয়ারি জালিয়াতির মামলায় রাগীব আলী ও ছেলে আবদুল হাইয়ের ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত। একই আদালতে রাগীব আলীর মালিকানাধীন দৈনিক পত্রিকা প্রকাশনায় প্রতারণার অভিযোগে আরেক মামলার রায়ে দুজনের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলী, ছেলে আবদুল হাই, মেয়ে রোজিনা কাদির ও তাঁর স্বামী আবদুল কাদির, তারাপুর চা-বাগানের ভুয়া সেবায়েত সাজা রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ, সেবায়েত পংকজ কুমার গুপ্ত আসামি। এর মধ্যে মেয়ে ও তাঁর স্বামী পলাতক, মোস্তাক ও পংকজ জামিনে রয়েছেন।