৩০ মিটারের জন্য ঘুরতে হয় চার কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন চিকলীর বাজার–মানবমঙ্গল রাস্তা l ছবি: প্রথম আলো
এখন চিকলীর বাজার–মানবমঙ্গল রাস্তা l ছবি: প্রথম আলো

রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলীর বাজার থেকে মানবমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘ প্রায় চার কিলোমিটার। এটি আলমপুর ইউনিয়নের নয়টি গ্রামের সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ রাস্তা। এবারের বন্যায় রাস্তাটির ৩০ মিটার অংশ চিকলীর নদীতে বিলীন হয়েছে। ফলে ওই গ্রামগুলোর কৃষকেরাসহ অন্যান্য মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় লোকজন জানান, রাস্তাটি দিয়ে আলমপুর ইউনিয়নের ফাজিলপুর, বানিয়াপাড়া, ডাঙ্গাপাড়া, মানবমঙ্গল, হড়িয়াপাড়া, শাহ্পাড়া, সরকারপাড়া, জুম্মাপাড়া, বটেরঘাট গ্রামের প্রায় ১৪ হাজার মানুষ যাতায়াত করত। কিন্তু চিকলী নদীর ভাঙনে ফাজিলপুর গ্রামের মনছুর হোসেনের বাড়ির উত্তর দিকে রাস্তাটির ৩০ মিটার বিলীন হয়। এখন লোকজন বাঁশের সাঁকো দিয়ে হেঁটে যাতায়াত করতে পারলেও কৃষকেরা উৎপাদিত ফসল এ পথে পরিবহন করতে পারছেন না। এখন তাঁদের সদরে যেতে সাত কিলোমিটারের পরিবর্তে বাড়তি আরও চার কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে সদরে পণ্য পরিবহন করতে হচ্ছে।
ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল হক বলেন, ৩০ মিটার ভাঙা রাস্তার জন্য কৃষকদের চার কিলোমিটার বেশি পথ ঘুরে সদরে পণ্য নিতে হচ্ছে। এতে তাঁদের ব্যয় বাড়ছে।
শাহ্পাড়া গ্রামের দিনমজুর আজিজুল ইসলাম (৩৬) বলেন, ‘রাস্তা কোনার ভাঙা জাগাত ইট দিয়া গাঁথি দিবার জন্যে ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি হামরা দুই দিন গেছি। তবু কায়ও রাস্তা কোনা ঠিক করেছে না।’
আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ। কিন্তু ইউনিয়ন পরিষদে অর্থ না থাকায় ভাঙা অংশ মেরামত করা সম্ভব হয়নি। তবে এলাকার লোকজনের সহায়তায় বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, এলাকাবাসী তাদের সমস্যার কথা জানিয়েছে। এ বছরেই রাস্তাটি মেরামতের চেষ্টা করা হবে।