৩০ মিনিটেই সব চাল শেষ বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাইনে দাঁড়িয়েও ওএমএসের চাল কিনতে পারছে না দরিদ্র মানুষেরা। তাদের অভিযোগ, ডিলার কালোবাজারে চাল বিক্রি করে কৃত্রিম সংকট তৈরি করছেন। তারা এ বিষয়ে গতকাল শনিবার ডিলারের দোকানের সামনে বিক্ষোভও করেছে। খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জ পৌরসভার মাধবপুর সড়কের ওএমএস ডিলার জিতু বারৈ এক টন চাল উত্তোলন করেছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টায় দোকান খুলে আধা ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে গেছে বলে দোকান বন্ধ করে দেন। চাল নিতে আসা লোকজন জানায়, এক টন চাল পাঁচ কেজি করে দিলেও ২০০ লোকের চাল পাওয়ার কথা। অথচ ২০-২৫ জনকে চাল দিয়েই চাল বিক্রি বন্ধ করে দেন ডিলার। তারা বিক্ষোভ প্রদর্শন করলে ডিলারের লেলিয়ে দেওয়া কয়েকজন বনদস্যু তাদের মারধরের চেষ্টা করে।ডিলার জিতু বারৈ বলেন, তিনি কালোবাজারে কোনো চাল বিক্রি করেননি। গতকাল উত্তোলিত চাল লাইনে দাঁড়ানো লোকজনের কাছে বিক্রি করা হয়েছে। উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, তাঁর জানামতে চাল সঠিকভাবে বিক্রি হয়েছে। কালোবাজারে চাল বিক্রি ও ডিলারের দোকানের সামনে বিক্ষোভ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী বলেন, তিনি অভিযোগ শুনেছেন। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।