৩০ মিনিটের পথ যেতে দুই ঘণ্টা!
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে নতুল্লাবাদ বাসটার্মিনাল পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এ সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।গত কয়েক দিনের টানা বর্ষণে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়ে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে ৩০ মিনিট দূরত্বের পথ অতিক্রম করতে এখন দুই ঘণ্টা সময় লাগে। মহাসড়কের দুরবস্থার কারণে গত এক মাসে ৩২টি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও শতাধিক আহত হয়েছে।সরেজমিনে দেখা গেছে, বরিশাল-ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র মহাসড়ক হিসেবে এটি যতটুকু প্রশস্ত ও উন্নত হওয়া প্রয়োজন তা করা হয়নি। বরিশাল বাসমালিক সমিতির সদস্য মো. আলমগীর হোসেন ও মো. নজরুল ইসলাম জানান, সড়কটির দুরবস্থা বেড়েই চলছে। অনুপোযোগী হয়ে পড়েছে বাস চলাচল। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার ওপর ঢালাই দেওয়া পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ৫০ কিলোমিটারের এই অংশ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. শামস মোকাদ্দেস বলেন, বরিশাল-ঢাকা মহাসড়ক উন্নয়নের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, তাতে সীমাবদ্ধতা রয়েছে।