৩০ মেট্রিক টন নকল সার ফেলা হলো পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ মেট্রিক টন নকল সার জব্দ করেছেন। পরে ওই সার পুকুরে ফেলে নষ্ট করা হয় এবং সারের মালিককে জরিমানা করা হয়। কালীগঞ্জ পৌরশহরের কলেজ রোডের মেসার্স আশরাফ ট্রেডার্সে গত বৃহস্পতিবার অভিযান চালানো হয়। এ সময় নকল এমওপি, টিএসপি, জিপসাম ও দস্তা সার উদ্ধার করেন আদালত। আটক করা হয় মালিক আশরাফ হোসেনকে। অবশ্য তিনি ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পান। উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান জানান, নকল সার আছে, এমন খবরের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালানো হয়। ঘটনার সঙ্গে জড়িত আশরাফুল ইসলামের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে মামলা দেন। আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনজুমান আরা আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি উদ্ধারকৃত মালামাল নষ্ট করে ফেলার রায় দেন। পরে আসামি ৫০ হাজার টাকা দিয়ে মুক্তি পান। আর উদ্ধারকৃত সার পুকুরে ফেলে দেওয়া হয়। ইউএনও আনজুমান আরা জানান, নষ্ট করে দেওয়া মালামালের আনুমানিক মূল্য এক লাখ টাকা।