রাজধানীর শ্যামপুরের বরইতলায় পয়োনিষ্কাশন নালায় পড়ে পাঁচ বছরের শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যুর ঘটনায় ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির চেয়ারম্যান আইনজীবী আবদুল হালিম গতকাল রোববার এই রিট আবেদন করেন।
৮ ডিসেম্বর বিকেলে বাসার কাছে খেলার সময় খোলা পয়োনালায় পড়ে যায় নীরব। প্রায় চার ঘণ্টা পর সেখান থেকে প্রায় এক মাইল দূরে বুড়িগঙ্গা নদীর তীরে নালার মুখ থেকে তাকে নিথর ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রিটকারী আইনজীবী আবদুল হালিম প্রথম আলোকে বলেন, শিশু নীরবের পরিবারকে কেন ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়ার আবেদন জানানো হয়েছে। এ ছাড়া তিনটি নির্দেশনাও চাওয়া হয়েছে। এগুলো হচ্ছে ঢাকা মহানগরের মানচিত্র অনুযায়ী সিটি করপোরেশনের আওতায় ঢাকনাবিহীন ম্যানহোল, নলকূপ ও পয়োনিষ্কাশনের পাইপের তথ্য এক মাসের মধ্যে আদালতকে জানানো, যে নালায় শিশু নীরব পড়ে গিয়েছিল, সেটি কাদের তার তদন্ত, নীরব মারা যাওয়ার পর থেকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কী কী পদক্ষেপ নিয়েছেন তা আদালতকে জানানো।
আবদুল হালিম আরও বলেন, এই রিটে বিবাদী করা হয়েছে মোট ১৩ জনকে। এঁদের মধ্যে সরকার, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সচিব, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), কদমতলী শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, শ্যামপুর ইউনিট ফায়ার সার্ভিসের প্রধান ও কদমতলী থানার ওসি উল্লেখযোগ্য।