৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৩
দুই কাগজের মাঝখানে সেঁটে দেওয়া হয়েছে নিরাপত্তা সুতা। দেওয়া হয়েছে নিরাপত্তামূলক ছবি ও চিহ্নসংবলিত ছাঁচের চাপও। এরপর কম্পিউটারে রঙের বিন্যাস করে প্রিন্ট দিলেই বেরিয়ে আসছে এক হাজার ও ৫০০ টাকার কড়কড়ে নতুন নোট। একটি দুটি নয়, অসংখ্য। দেখলে মনে হয়, যেন আসল নোটই।রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের একটি বাসায় এ কারখানা গড়ে তুলেছিলেন হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সেখানে হানা দিয়ে গ্রেপ্তার করে চক্রের মূল হোতা হুমায়ুন কবীর (৩৫) ও তাঁর সহযোগী আবুল খায়েরকে (৪০)। পরে পলাশ নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে উদ্ধার করা হয় প্রায় ৩০ লাখ টাকার পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, সাজানো-গোছানো বাসাটি দেখে বোঝার উপায় নেই, ভেতরে কী হচ্ছে। গৃহকর্তা হুমায়ুন কবীর এখানেই স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন। বাসার ভেতরেই তিনি জাল নোট তৈরি করেন। এ কাজে তাঁকে সহায়তা করেন আবুল খায়ের নামের একজন। আর ছাপা নোটগুলো বাজারজাত করেন পলাশ নামের আরেক সহযোগী।গতকাল ওই বাসায় দেখা যায়, চার কক্ষের মধ্যে কোনার একটি কক্ষে জাল নোট তৈরির কাজ হয়। কক্ষটি ছাপানো নোট, নোট তৈরির কাগজ, বিভিন্ন ধরনের ছাঁচ, ল্যাপটপ, প্রিন্টিং মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদিতে ভরা। ছাঁচগুলোতে মূল টাকার মতো করে এক হাজার ও ৫০০ শব্দটি বাংলায় লেখা। কয়েকটি ছাঁচে আছে বঙ্গবন্ধু, বাংলাদেশ ব্যাংক, বাঘের ছবি ও মূল টাকার বিভিন্ন চিহ্ন।হুমায়ুন কবীর বলেন, এক মাস আগে তিনি এ বাসাটি ভাড়া নেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীতে। সেখানে তাঁর ছবি তোলার ব্যবসা ছিল। ছবি তৈরি থেকেই তিনি জাল নোট তৈরির পদ্ধতি রপ্ত করেন। হুমায়ুন আরও বলেন, দৈনিক তিনি পাঁচ লাখ টাকা মূল্যের জাল নোট তৈরি করেন। সেগুলো পলাশের কাছে প্রতি লাখ সাত হাজার টাকায় বিক্রি করেন। পলাশই তা বাজারে ছড়িয়ে দেন।আবুল খায়ের বলেন, তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।হুমায়ুনের স্ত্রী তাসলিমা বেগম পুলিশ ও সাংবাদিকদের বলেন, হুমায়ুন আগে পুলিশ কনস্টেবলের চাকরি করতেন। সেটা ছেড়ে ঠিকাদারি, বায়িং হাউসে চাকরি, স্টুডিও ব্যবসাসহ বিভিন্ন কাজ করেন। দুই বছর আগে তিনি রায়ের বাজারে এক নারীকে বিয়ে করার পর জালনোটের ব্যবসা শুরু করেন। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে বলে জানান তাসলিমা। তবে পলাশ জানান, হুমায়ুনের স্ত্রীও এ কাজে জড়িত। সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, ঈদের আগে জাল টাকার লেনদেন বেশি হয়। এ সময় জাল নোট ব্যবসায়ীরা তৎপর হন।