৩০ লাখ টাকার রসুন নিয়ে ব্যবসায়ী উধাও
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া বাজারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে স্থানীয় কৃষকদের রসুন বিক্রির ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিন মাস ধরে ওই ব্যবসায়ী পলাতক। এ ব্যাপারে একাধিক মামলা হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।মৌখাড়া বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম মাদ্রাসাপাড়ার হারু শেখের ছেলে ইউছুব আলী পাঁচ বছর ধরে মৌখাড়া বাজারে আল-আমিন ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। তিনি স্থানীয় কৃষক ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে রসুন কিনে ঢাকার আড়তে বিক্রি করতেন। এ বছর তিনি ৩৫ জন কৃষকের কাছ থেকে ৫০ লাখ টাকার রসুন কেনেন। এর মধ্যে ২০ লাখ টাকা নগদ পরিশোধ করেন। বাকি ৩০ লাখ টাকা পরিশোধের জন্য তিনি কৃষকদের জনতা ব্যাংক, মৌখাড়া শাখার নিজ হিসাব থেকে চেক প্রদান করেন।নির্ধারিত সময়ের (দুই মাস) পর কৃষকেরা ব্যাংকে চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, ইউছুব আলীর হিসাবে পর্যাপ্ত টাকা নেই। মৌখাড়ার কৃষক রাজীব উদ্দিন বলেন, ‘আমার এবারের সব রসুন ইউছুব আলীর কাছে বিক্রি করিছিনু। কিছু টাকা নগদ দিছিল। আর পাঁচ লাখ টাকার চেক দিছিল। কিন্তু চেক দিয়া ব্যাংকে টাকা পাইনি। ইউছুবও পালাইছে। এখন আমার পথে বসার অবস্থা।’পাওনাদার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার দুই লাখ টাকার জন্য ইউছুবের বিরুদ্ধে গত মাসে আদালতে মামলা করিছি। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিছে। কিন্তু পুলিশ এখনো তাকে ধরতে পারেনি। হয়তো সে বিদেশে পালায়ে গেছে।’মৌখাড়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রসুন এখানকার প্রধান অর্থকরী ফসল। রসুনের ব্যবসা করে আমরা চলি। ইউছুব আলীর জন্য ব্যবসায়ীদের অনেক বদনাম হয়েছে। আমরাও তাঁর বিচার চাচ্ছি।’বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, ‘ইউছুব আলীর বিরুদ্ধে চেক জালিয়াতির কয়েকটি মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। কিন্তু তিনি তিন মাস ধরে গা-ঢাকা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’